
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর-লিলার হাট সড়কের কালিয়াগঞ্জ থেকে রাঙালিকিড়া পর্যন্ত অংশ পাকা করার জন্য প্রায় ২ ফুট গভীর করে মাটি খুঁড়ে এক মাস ধরে ফেলে রাখা হয়েছে। সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ এভাবে ফেলে রাখায় ৩টি ইউনিয়নের ১৫টি গ্রামের বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন।
এলজিইডির পীরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (আইআরআইডিপি-২)-এর আওতায় পীরগঞ্জ উপজেলার খনগাঁও ও সৈয়দপুর ইউনিয়নের চাঁদপুর-লিলার হাট সড়কের কালিয়াগঞ্জ হাট থেকে রাঙালিকিড়া পর্যন্ত ৭০০ মিটার অংশ পাকা করার কাজ শুরু হয়। এ জন্য ৩৭ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠাকুরগাঁও শহরের ঠিকাদার আবু হেলাল ৩৩ লাখ ৯২ হাজার ৩৫৮ টাকায় এ কাজ পান। গত ৯ আগস্ট কাজ শুরু হয়ে আগামী বছরের ৮ আগস্টের মধ্যে কাজ শেষ করার কথা। কাজ বুঝে নিতে পীরগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবদুল গণিকে দায়িত্ব দেওয়া হয়।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সড়কের মাঝখানে প্রায় ১০ ফুট চওড়া ও ২ ফুট গভীর করে মাটি খুঁড়ে রাখা হয়েছে। খুঁড়ে রাখা সড়কের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়েই সাইকেল, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন ঠেলে ঠেলে পার করতে হচ্ছিল।
ঘিডোব গ্রামের খর্গ মোহন রায় বলেন, ‘আগস্ট মাসের ১৫-১৬ তারিখে খননযন্ত্র দিয়ে রাস্তাটি খুঁড়ে রেখে ঠিকাদার লাপাত্তা। রাস্তায় হাঁটুসমান কাদা জমে গেছে। এই কর্দমাক্ত রাস্তার কারণে হাটে ধান বিক্রির জন্য নিতে পারছি না। রাস্তার কাজ করতে পারবে না, তাহলে খুঁড়ে রাখল কেন?’
চোপড়াবাড়ি গ্রামের সুরুজ চন্দ্র রায় বলেন, সড়কটি খোঁড়া হয় আগস্টের তৃতীয় সপ্তাহে। এরপর অনেকবার বৃষ্টি হওয়ায় সেখানে হাঁটুসমান কাদা জমে যায়। লোকজন এখান দিয়ে যাতায়াত করতে পারছেন না।
গতকাল বুধবার রাঙালিকিড়া গ্রামের মথুরা চন্দ্র রায়, ঘিডোব গ্রামের আজিজুল হক ও হরগোবিন্দ রায়, হাবিবপুর গ্রামের সোলায়মান আলীসহ সাত-আট ব্যক্তি বলেন, পীরগঞ্জ উপজেলার খনগাঁও, ভোমরাদহ ও সৈয়দপুর ইউনিয়নের ঘিডোব, হাবিবপুর, চোপড়াবাড়ি, খনগাঁও, রাঙালিকিড়া, লিলার হাট, শান্তিনগর, খালপাড়া, দানার হাট, কালপীর, ভাবনাগঞ্জ, লোহাগাড়া, চাঁদপুরসহ অন্তত ১৫টি গ্রামের বাসিন্দা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। কালিয়াগঞ্জ বাজারে ওই এলাকার একটি বড় পূজামণ্ডপ নির্মাণ করার কাজ চলছে। এ ছাড়া এখন পাট বিক্রির মৌসুমে ওই হাটে পাট নিয়ে চাষিদের আসা জরুরি হলেও খুঁড়ে রাখা সড়কের কারণে তাঁরা হাটে ধান-পাট আনতে পারছেন না।
খনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ডাবলু কাউসার আলী বলেন, ‘রাস্তা খুঁড়ে রাখায় জনগণের কষ্টের শেষ নেই। আমাকে ইউনিয়নের মানুষ সবসময় অভিযোগ করছেন। ঠিকাদারের এ অবহেলার ব্যাপারে উপজেলা এলজিইডি নীরব।’
জানতে চাইলে, ঠিকাদার মো. আবু হেলাল গতকাল বুধবার বলেন, জনগণের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে খুঁড়ে রাখা সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে।
উপসহকারী প্রকৌশলী মো. আবদুল গণি গত মঙ্গলবার দুপুরে বলেন, ‘আশপাশে কোনো বিকল্প রাস্তা না থাকায় কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আমি দুই দিন পরপর রাস্তার সাইডে যাচ্ছি। ঠিকাদারকে ফোন করে করে ক্লান্ত হয়ে গেছি। জনগণের প্রশ্নের জবাব দিতে পারি না। তবে ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে।’
অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, এখন ইটের সংকট। তাই কাজ বিলম্বিত হতে পারে। তবে খুঁড়ে রাখা সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে।