রাস্তা খোঁড়াখুঁড়ি ও বিড়ম্বনা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত সড়কে একদিকে চলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণের কাজ, অন্যদিকে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি। সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ। সড়ক পার হতে বিড়ম্বনা ও ঝুঁকির মধ্যে পড়ছেন পথচারীরা। ছবিটি শুক্রবার দুপুরে মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা l আবদুস সালাম
রাজধানীর মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত সড়কে একদিকে চলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণের কাজ, অন্যদিকে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি। সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ। সড়ক পার হতে বিড়ম্বনা ও ঝুঁকির মধ্যে পড়ছেন পথচারীরা। ছবিটি শুক্রবার দুপুরে মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা l আবদুস সালাম

ঢাকার অনেক সড়ক এখন খোঁড়াখুঁড়ির কবলে। কিছু সড়ক খুঁড়ে পাইপ বা কেব্‌ল বসানোর কাজ শেষ করার পর এখন অরক্ষিত অবস্থায়। কিছু গর্ত উঁচু করে পাকা করার কারণে চলাচলে দুর্ঘটনা ঘটছে। কিছু সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। এক সেবা সংস্থার অসতর্ক খোঁড়াখুঁড়ির কারণে অপর সংস্থার পাইপলাইন ফুটো হয়ে অচল হয়ে যাচ্ছে। এ নিয়ে এক সংস্থার সঙ্গে অপর সংস্থার বিরোধও বাধছে।

গত বৃহস্পতিবার ও গতকাল শনিবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

৭০ কোটি টাকায় কমবে জলাবদ্ধতা, চলছে অন্য ভোগান্তি

গতকাল দুপুরে বিজয়নগর থেকে কাকরাইল মোড় হয়ে শান্তিনগর এবং মালিবাগ-মৌচাক পর্যন্ত ঘুরে নানা ধরনের জনদুর্ভোগ দেখা যায়। বৃষ্টি হলেই এই এলাকার ব্যাপক জলাবদ্ধতা রোধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে (ডিএসসিসি) বৃষ্টির পানি যাওয়ার নর্দমা বা স্টর্ম সুয়ারেজ করা হচ্ছে। ডিএসসিসি তিনটি প্যাকেজে ৭০ কোটি টাকায় কাজটি করছে।

 বিজয়নগর সড়কের পূর্ব প্রান্তে তিন মাস আগে স্টর্ম সুয়ারেজ লাইনের জন্য খোঁড়াখুঁড়ি হয়। গতকাল দেখা যায়, খোঁড়া অংশ ভরাট করে রাস্তার তুলনায় উঁচু পাকা বক্স ও স্ল্যাব দেওয়া হয়েছে। কালভার্ট সড়কে এ ধরনের উঁচু স্ল্যাবের কারণে রিকশাসহ যানবাহন চলছে লাফিয়ে লাফিয়ে। বিপরীত দিকের রাস্তার পরিবর্তে খোঁড়াখুঁড়ি হয়েছিল ফুটপাত ও সংযোগ সড়কের মুখে। টানা স্টর্ম সুয়ারেজ লাইন করে একইভাবে রাস্তার তুলনায় উঁচু বক্স করা হয়েছে। ফুটপাতের পাশের চশমার দোকান দিশারী, দেশ, ডিসেন্ট, গলফ অপটিকসসহ বিভিন্ন দোকানে আসা লোকজন ও কয়েকজন কর্মচারী গর্ত খোঁড়া এবং যাবতীয় ভোগান্তির বর্ণনা দেন। খোঁড়াখুঁড়ির সময়ে প্রধান সড়কের অর্ধেকটা জুড়ে ছিল ভেঙে ফেলা অংশের ধ্বংসাবশেষ, মাটি, বালু, ইট। দীর্ঘ সময়েও সেগুলো সরানো হয়নি। সড়কে দুঃসহ যানজটের সৃষ্টি হয়। সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় উন্নয়নকাজের প্রতি সাধারণ মানুষের বিরক্তি সৃষ্টি হয়েছে।

দুর্ভোগ এখনো শেষ হয়নি। গত বৃহস্পতিবার দেখা যায়, বিজয়নগর থেকে সেগুনবাগিচা জাতীয় রাজস্ব বোর্ড যাওয়ার সব কটি সংযোগ সড়ক বন্ধ। খোঁড়া গর্তে কাজ শেষে উঁচু বক্স করার কারণে কাকরাইল মোড় পর্যন্ত চলাচলই করা যাচ্ছে না। বক্সের পাশে সড়কজুড়ে ছড়িয়ে আছে বালু আর মাটি। কাকরাইল মোড়ে সড়ক বিভাজকের কাঁটাতারের বেড়া ছিঁড়ে পড়ে আছে সড়কে। চালকের নজর এড়িয়ে তারের ওপর দিয়ে যাচ্ছে যানবাহন। অল্প সময়ের মধ্যেই বিকট শব্দ তুলে দুটি মোটরসাইকেল ও কয়েকটি রিকশার চাকা ফেটে যেতে দেখা যায়। মোটরসাইকেল চালক সুমন ক্ষোভ জানিয়ে বলেন, ‘এ ধরনের অব্যবস্থাপনা সম্ভবত অকল্পনীয়।’

প্রকল্পের দ্বিতীয় প্যাকেজের কিছু খোঁড়াখুঁড়ির কাজ আগে শেষ হয় কাকরাইল মোড় থেকে এস এ পরিবহন কার্যালয় এলাকায়। প্রায় চার মাসে আগে ওই কাজ চলাকালে সেখানেও মানুষের ভোগান্তি হয়। এখন চলছে শান্তিনগর বাজারের কাছে বাকি অংশের কাজ। সেখানে রাস্তা খোঁড়ার পর এখন টানা গর্তে রড বসানোর কাজ চলছে। দেখা গেল, বেশির ভাগ অংশে বিপজ্জনকভাবে মুখ উঁচিয়ে আছে রড। সড়কের পাশের একজন ফল বিক্রেতা জানান, রাতে মাঝে মাঝেই রাস্তায় বাতি নিভে যায়।

তৃতীয় পর্যায়ের কাজ চলছে মৌচাক-মালিবাগ এলাকায়। টানা গর্ত খোঁড়ার কারণে চলছে দুর্ভোগ। গুলবাগের বাসিন্দা দশম শ্রেণির ছাত্র রকিবুল বলে, স্কুলে যাওয়ার জন্য বিকল্প কোনো পথ না থাকায় গর্ত ডিঙিয়ে চলাচল করতে হচ্ছে।

যোগাযোগ করা হলে ডিএসসিসির সদ্য বিদায়ী প্রধান প্রকৌশলী নূরুল্লাহ বলেন, তিনটি প্যাকেজের আওতায় শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় স্টর্ম সুয়ারেজ লাইন হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা দূর হবে বলে আশা করা যায়। তবে উন্নয়নকাজে অব্যবস্থাপনা কারণে জনভোগান্তির বিষয়টি আসলেই দুঃখজনক।

স্টর্ম সুয়ারেজ লাইনের বেশির ভাগ অংশ পড়েছে ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর মোস্তবা জামান বলেন, জনভোগান্তি রোধে তিনি ঠিকাদারের সঙ্গে কথা বলবেন।

ডিপিডিসির খোঁড়াখুঁড়ির শেষ কোথায়

রাজধানীর রমনা থানা এলাকা থেকে হলি ফ্যামিলি হয়ে মগবাজার মোড়, উড়ালসড়কের দুপাশের সড়ক ও অলিগলিতে এখন চলছে ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেব্‌ল বসানোর কাজ। দেড় মাসেরও বেশি সময় খোঁড়াখুঁড়ির আর নানা দুরবস্থার কবলে এসব এলাকায় দোকানি, চলাচলকারী যানবাহন আরোহী ও পথচারী। এসব এলাকায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ১৩২ কেভি লাইন বসানোর কাজ চলছে।

খোঁড়াখুঁড়ির কারণে সড়ক উঁচুনিচু হয়ে থাকায় চলাচলে সমস্যা হচ্ছে। গতকাল দেখা গেল, খোঁড়াখুঁড়ির কাজ শেষ হলেও মগবাজার মোড় থেকে মৌচাক যাওয়ার ব্যস্ত সড়কে এখন পর্যন্ত স্তূপ করে রাখা হয়েছে পিচের ভাঙা অংশ, ইটের টুকরা, ব্লক। এতে যানবাহন আটকে থাকছে। হোঁচট খাচ্ছে পথচারীরা।

ফুটপাত বলতে এখন এসব এলাকায় কোনো কিছুর অস্তিত্ব নেই। মগবাজারে আদ্‌-দ্বীন হাসপাতাল গলির বাসিন্দা শকিফুল ইসলাম বলেন, মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণের কারণে এলাকায় প্রায় চার বছর চরম দুর্ভোগে ছিলেন। এখন চলছে উন্নয়নকাজের বিড়ম্বনা।

শুধু চলাচলের বিড়ম্বনা নয়, অসতর্ক অবস্থায় খোঁড়াখুঁড়ির কারণে মগবাজার ওয়্যারলেস ও আশপাশের এলাকায় প্রায় চার শ টেলিফোন (ল্যান্ডফোন) বিকল হয়ে যায়। এলাকায় ঢাকা ওয়াসার পানির লাইন ফুটো হয়ে যায়। ফলে মগবাজার, মধুবাগসহ বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ঢুকে পড়ে। এ বিষয়ে ডিপিডিসিকে লিখিত অভিযোগও জানিয়েছে টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ঢাকা ওয়াসা।