রাস্তা, ঘর ডুবেছে ময়লা পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি খালের পাশেই বাগানবাড়ি বস্তি। দখলের কারণে এবং বারোয়ারি বর্জ্য জমতে জমতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই এখন বস্তিতে যাতায়াতের সরু রাস্তাটি ময়লা পানিতে ডুবে যায়। সেই পানি গিয়ে ঢোকে বস্তির ঘরেও। ময়লা মিলে যাওয়ায় উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। গতকাল সোমবারের বৃষ্টিতেও বস্তির বাসিন্দারা একই রকম ভোগান্তিতে পড়েন।
মিরপুর ১৪ নম্বর বাসস্ট্যান্ডে মার্ক মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশে সিএনজি স্টেশনের পাশে বাগানবাড়ি খালটি অবস্থিত। গতকাল দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, বৃষ্টিতে বস্তির রাস্তা ডুবে গেছে। শিক্ষার্থীরা পানি মাড়িয়ে স্কুলে যাচ্ছে। কাফরুল, কচুক্ষেত, ভাষানটেক, ইব্রাহিমপুর ও মিরপুর এলাকার নালার পানি এই বাগানবাড়ি খালটি দিয়ে নামত।
বস্তিতে পোশাক কারখানার শ্রমিক, রিকশাচালকের সংখ্যা বেশি। দুপুরের বিরতির সময় পোশাক কারখানার শ্রমিকেরা অনেকেই খাবার খেতে ঘরে আসেন। কিন্তু রাস্তা ময়লা পানিতে ডুবে থাকায় অনেকে কাজে ফিরে যান। অনেকে পানি মাড়িয়েই বস্তিতে যান।
শ্রমিক আকলিমা বেগম বলেন, কয়েক বছর ধরে বৃষ্টি হলেই এই ভোগান্তি। এখন ময়লা পানি পার হয়ে ঘরে গেলে আবার গার্মেন্টসে যাওয়ার সময় ময়লা পাড়াতে হবে। ঘরেও তা কোমরসমান পানি।
বস্তির একাধিক বাসিন্দা অভিযোগ করেন, খালের শেষ মাথায় বাঁশ, টিন দিয়ে প্রায় অর্ধশতাধিক ঘর তোলা হয়েছে। খালের পানিপ্রবাহ আটকে কয়েক শ বাঁশ গাঁথুনি হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর থেকে পানিপ্রবাহ বন্ধ হয়ে খালে ময়লা জমতে থাকে।
বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বাগানবাড়ি বস্তির বাসিন্দার সংখ্যা কমবেশি আট হাজার। বস্তির কোনো কোনো বাসিন্দা প্রায় এক দশক ধরে সেখানে বসবাস করছেন।
বাগানবাড়ি এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চার নম্বর অন্তর্ভুক্ত। ২০১৫ সালের এপ্রিলে ডিএনসিসি নির্বাচনের আগে কাউন্সিলর প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হতে পারলে খালটি পরিষ্কার করে দেবেন।
ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল মোস্তফা বলেন, খালটির পানিপ্রবাহ ঠিক থাকলে মিরপুর এলাকার জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমবে। কিছু লোক অবৈধভাবে খালে ঘর তুলছে। মেয়র আনিসুল হক সরেজমিনে খালের অবস্থা দেখে গেছেন। ওয়াসার পরিচালক, প্রকৌশলীরা এসে দেখে গেছেন। খাল পরিষ্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে।