রাস্তা ছেড়ে জমির আইল দিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনেও বগুড়ার শেরপুর উপজেলার মান্দাইল সড়কের মোড় থেকে পানিসারা হয়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের আমইন পর্যন্ত সাড়ে চার কিলোমিটার কাঁচা রাস্তাটি পাকা হয়নি। এতে উপজেলার ১২ গ্রামের ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষাকালে রাস্তায় কাদা-পানি জমে থাকায় তাদের সমস্যা বেশি হয়। তাই এ সময় মানুষ রাস্তার বদলে জমির আইল দিয়ে চলাচল করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল, ভাদাড়, নান্দুরা, পুরাতন পানিসারা, হিন্দু পানিসারা, নতুন পানিসারা, তেঁতুলিয়া, পাবনা পাড়া এবং কুসুম্বী ইউনিয়নের খুঁরতা, হঠাৎপাড়া, আমইন ও পোরতাবাজু গ্রামের ৫০ হাজার মানুষ উপজেলা শহরে যাতায়াত করে। এ সড়ক দিয়ে ভ্যান, রিকশা ও মোটরসাইকেল চলে। উপজেলা শহর থেকে মান্দাইল পর্যন্ত পাকা হলেও বাকি সাড়ে চার কিলোমিটার রাস্তা কাঁচা রয়ে গেছে। বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে এসব গ্রামের মানুষের ভীষণ সমস্যা হয়। এ সময় কৃষকেরা এ রাস্তা দিয়ে তাঁদের খেতে উৎপাদন করা পণ্য কাছের বাজারে নিতে পারেন না এবং চাষের উপকরণও আনতে পারেন না। তা ছাড়া ওই সময় এ রাস্তা দিয়ে অসুস্থ রোগীদের নিতেও সমস্যা হয়।
বিশালপুর ও কুমুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাজাহান আলী ও শাহ আলম জানান, এসব গ্রামের অধিকাংশ মানুষ কৃষক। রাস্তাটি পাকা না হওয়ায় গ্রামগুলোর প্রায় সাড়ে তিন হাজার কৃষক ভোগান্তি পোহাচ্ছেন।
১১ আগস্ট সরেজমিনে দেখা যায়, সাড়ে চার কিলোমিটারের মধ্যে আধা কিলোমিটার চলাচলের উপযোগী। চার কিলোমিটারের কোথাও চার ইঞ্চি ও কোথাও ১০ ইঞ্চি পুরু কাদা জমে আছে। ওই সব স্থান দিয়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য। এ কারণে লোকজন সড়কের পাশের ফসলি জমির আইল দিয়ে চলাচল করছে।
বগুড়া-৫ আসনের (শেরপুর-ধুনট) সাংসদ হাবিবর রহমান জানান, তিনি একাধিকবার উপজেলা প্রকৌশলীকে রাস্তাটি করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি।
উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম জানান, দুই বছর আগে রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বগুড়া জেলা কার্যালয়ের মাধ্যমে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু আজও ওই প্রস্তাব অনুমোদন করা হয়নি।