রাস্তা ছেড়ে বাস ঢুকল বাড়িতে আহত ১১
গাজীপুরের শ্রীপুর-বরমী সড়কের সোহাদিয়া এলাকায় গতকাল সোমবার সকালে একটি বাস রাস্তা ছেড়ে এক বাড়িতে ঢুকে পড়লে বাসের ১০ যাত্রী ও বাড়ির মালিক আহত হন। বাসটি শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার মেঘনা পোশাক কারখানার যাত্রী বহন করে কাওরাইদ থেকে ওই প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিল। আহত ব্যক্তিরা হলেন: বাড়ির মালিক আবদুল খালেক (৫৫), পোশাক কারখানার শ্রমিক কাশিজুলী গ্রামের হাছিনা (২০), মাকসুদা (২৫), নাসরিন (২৩), জুয়েনা (২৪), শরীফা (২৪), আমেনা (২৫), বেলদিয়া গ্রামের জিয়াসমিন (২২), রুখসানা (২২), জোসনা (২৫) ও লিপি (২১)।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা আবদুল খালেকের বাড়িতে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় মাটির ওই বাড়ির দেয়াল ভেঙে ঘুমন্ত খালেকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠায়। আহত শ্রমিকদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম দুপুর ১২টার দিকে জানান, দুর্ঘটনার খবর আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।