রাস্তা থেকে আদালত হয়ে ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায় সড়কের ওপর থেকে গত শনিবার সকালে মুমূর্ষু অবস্থায় দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার সিরাজুল ইসলামের ছেলে রাজু শেখ (২৩) শনিবার সকাল সোয়া নয়টায় বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। তিনি সিনেমা হল পাড়া এলাকায় রাস্তার ওপর সাদা স্যান্ডো গেঞ্জি ও প্যান্ট পরা একটি মেয়েশিশুকে ফেলে এক মহিলাকে দৌড়ে পালাতে দেখেন। রাস্তার ওপর ছুড়ে ফেলায় আঘাতের কারণে শিশুটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। পরে তিনি শিশুটিকে নিয়ে সদর থানা পুলিশের কাছে যান। পরে সদর থানা থেকে শিশুটিকে চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার বাসিন্দা ও কোর্ট পুলিশের মেসের রাঁধুনি শাহানূর বেগম তাঁর কাছে নিয়ে যান। সদর থানার ওসি কামরুজ্জামান জানান, শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখার সুযোগ চেয়ে চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিমের আদালতে গত শনিবার পাঠানো হয়েছে। আদালত থেকে শিশুটিকে শাহানূরের জিম্মায় দেওয়া হয়।