রাস্তা থেকে গাছ সরানোয় কবজি কেটে দিল শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কথামতো বগুড়ার শেরপুরে সড়কের ওপর ফেলে রাখা গাছ অপসারণ করে গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিলেন করাতকলের শ্রমিক সোনাউল্লাহ শেখ (৫৫)। কিন্তু পথেই তাঁকে ধরে বাঁ হাতের কবজি কেটে দেন জামায়াত-শিবিরের কর্মীরা।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সোনাউল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গতকাল শুক্রবার তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই রাতে আওয়ামী লীগের স্থানীয় নেতা মোজাম্মেল হকসহ তিন ব্যবসায়ীর দোকানে আগুন দিয়েছে জামায়াত-শিবির। অপরদিকে গতকাল সকালে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় উত্তরবঙ্গগামী একটি লবণবাহী ট্রাকে অগ্নিসংযোগ এবং আরও ১৫টি ট্রাক ভাঙচুর করা হয়।
উপজেলার খানপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, করাতকলের শ্রমিক সোনাউল্লাহ ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য। তাঁর বাড়ি একই ইউনিয়নের ভিটাচড়া গ্রামে। দিনমজুর এই শ্রমিক সরকারি খাসজমিতে পবিরার নিয়ে থাকেন।
শ্রমিক লীগের ওই নেতা আরও জানান, উপজেলার শুভগাছা ও দশমাইল বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর ফেলে রাখা গাছ অপসারণে পুলিশ তাঁর সাহায্য চায়। শ্রমিক লীগের ওই সদস্য করাতকলের পাঁচ শ্রমিককে নিয়ে বৃহস্পতিবার রাতে গাছগুলো কেটে রাস্তা থেকে সরিয়ে দেন। কাজ শেষে শ্রমিকদের নিয়ে ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে শুভগাছা এলাকায় জামায়াত-শিবিরের লোকজন তাঁদের ধাওয়া করেন। পাঁচজন দৌড়ে পালালেও সোনাউল্লাহ ধরা পড়েন। ধাওয়াকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতের কবজি কেটে রেখে চলে যান। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
সোহেল রানা আরও জানান, অবস্থা আশঙ্কাজনক হলেও সব রাস্তা বন্ধ থাকায় রাতে সোনাউল্লাহকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া যায়নি। রাতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার পর গতকাল তাঁকে বগুড়া নেওয়া হয়। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমান জানান, বাঁ হাতের কবজি কাটা অবস্থায় ওই ব্যক্তিকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়।
তবে শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি দবিবুর রহমান দাবি করেন, এসব ঘটনায় তাঁর দলের লোকজন জড়িত নন। অন্যায়ভাবে তাঁদের দোষারোপ করা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার দশমাইল এলাকায় গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকসহ চার ব্যবসায়ীর দোকানে আগুন দেয় জামায়াত-শিবির। এতে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেন আওয়ামী লীগের নেতা মোজাম্মেল। অপরদিকে গতকাল সকাল সাড়ে নয়টায় উপজেলার শেরুয়া বটতলা এলাকায় উত্তরবঙ্গগামী একটি লবণবাহী ট্রাকে আগুন এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও ১৫টি ট্রাক ভাঙচুর করে জামায়াত-শিবির।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, পুলিশ গাছ সরানোর জন্য শ্রমিক লীগের নেতার কাছে সাহায্য চেয়েছিল। পরে ওই শ্রমিকের হাত কাটার খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।