
ময়মনসিংহের নান্দাইলে বাসস্ট্যান্ডের পাশেই মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল স্কুলছাত্র আলমগীর হোসেন (১৪)। খেলতে খেলতে বলটি হঠাৎ রাস্তার ওপর উঠে যায়। বলটি আনতে দৌড়ে সড়কে ওঠামাত্র তাকে চাপা দেয় একটি বাস। ঘটনাস্থলেই মারা যায় আলমগীর।
গত শুক্রবার সন্ধ্যার দিকের এ ঘটনায় এবং রাজধানীসহ দেশের আরও ছয়টি স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ৭৮ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬৭৭। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নান্দাইলে নিহত আলমগীর উপজেলার চামটা এলাকার আবদুস সাত্তারের ছেলে। সে ঈশ্বরগঞ্জ উপজেলার ইয়াছিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। রাজধানীর শ্যামপুর ও পল্টনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। গতকাল শনিবার ভোরে এ দুটি ঘটনা ঘটে। শ্যামপুরের দোলাইরপাড় সড়কে নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক শমসের আলী ও তাঁর সহকারী সালাম। পল্টনে নিহত ব্যক্তি হলেন মো. জসীম উদ্দীন (৫০)। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ সেতুর কাছে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় জামাল গাজী (৩২) নামের এক প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন।
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় আবদুল কুদ্দুস (৫০) নামের এক বাঁশ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর-সংলগ্ন এলাকায় নছিমন খাদে পড়ে হাসান আলী (১৯) নামের এক পাথরশ্রমিক নিহত হয়েছেন। মাগুরায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন।
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বরে একটি প্রাইভেট কারের চাপায় গতকাল সন্ধ্যায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মমিনুর রহমান (৩৫)।