
পুরান ঢাকার কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রবেশমুখে ও সিদ্দিকবাজারে ওয়াসার ওভারহেড পানির ট্যাংকের সামনে রাস্তা দখল করে অবৈধ স্থায়ী দোকানঘর গড়ে তুলেছেন স্থানীয় যুবলীগ নামধারীরা। তাঁদের দাবি, স্থাপনা নির্মাণের অনুমতি রয়েছে। তদন্ত করে দেখার অজুহাতে সিটি করপোরেশন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
২১ আগস্ট পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডে পশু হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, হাসপাতালের উত্তর পাশের সীমানাদেয়াল ঘেঁষে সাতটি পাকা দোকানঘর তোলা হয়েছে। গড়ে পাঁচ ফুট করে প্রশস্ত দোকানঘরগুলোর ছাদ ঢালাই দেওয়া হয়েছে, আস্তর দেওয়ার কাজ চলছে। দোকানঘরগুলোর দুই পাশে বালু, ইটের খোয়া ও বাঁশ স্তূপ করে রাখা আছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ঈদের ছুটির চার-পাঁচ দিন পর রাতারাতি এই দোকানঘরগুলো গড়ে তোলা হয়েছে। রাতে নির্মাণকাজ চলে, দিনে দোকানমালিকদের কাউকে নির্মাণস্থলে পাওয়া যায় না। কারা এসব দোকানঘর নির্মাণ করেছেন—এ প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা জানান, স্থানীয় যুবলীগ নামধারীদের তত্ত্বাবধানে এই দোকানঘরগুলো নির্মাণ করা হয়েছে। ৩৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত মীর মাহবুব রনি এ নির্মাণকাজের সঙ্গে জড়িত। সিদ্দিকবাজার কমিউনিটি সেন্টারে গেলে তাঁদের পাওয়া যাবে।
কেন্দ্রীয় পশু হাসপাতালের কয়েকজন কর্মকর্তা রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করায় বিস্ময় প্রকাশ করেন। তাঁরা বলেন, হাসপাতালের সীমানাপ্রাচীর ঘেঁষে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে হাসপাতালগামী মানুষের সমস্যা হচ্ছে। পশু হাসপাতালে প্রতিদিন অসংখ্য মানুষ তাঁদের পোষা প্রাণীর চিকিৎসা করাতে যান। যাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে যান, তাঁদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। এ ছাড়া বাস-ট্রাক বা ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল অসম্ভব হয়ে পড়বে।
১৯ আগস্ট পশু হাসপাতাল কর্তৃপক্ষ এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দক্ষিণ সিটি করপোরেশন ও বংশাল থানায় লিখিত অভিযোগ জানায়। তাতে বলা হয়, ১৫ আগস্ট রাতে কে বা কারা ওই অবৈধ স্থাপনা নির্মাণ করেছে, যার ফলে হাসপাতালের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানায়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন জানান, ২০ আগস্ট এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ভ্রাম্যমাণ আদালত বুলডোজার নিয়ে নির্মাণস্থলে যান। কিন্তু পরে যুবলীগের স্থানীয় নেতারা ভ্রাম্যমাণ আদালতের কাছে দাবি করেন, ওই স্থাপনা নির্মাণের জন্য তাঁদের সিটি করপোরেশনের বরাদ্দপত্র রয়েছে। স্থাপনা উচ্ছেদ না করে ওই সব নথিপত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালত ফিরে যান।
এদিকে সিদ্দিকবাজারে ওয়াসার ওভারহেড পানির ট্যাংকের সীমানাদেয়াল ঘেঁষেও এমন অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এখানে পাঁচটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটির সময় রাতের আঁধারে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে।
এসব বিষয়ে জানতে ২১ আগস্ট সিদ্দিকবাজার কমিউনিটি সেন্টারে গিয়ে যুবলীগ নেতাদের কাউকে না পাওয়া গেলে মুঠোফোনে মীর মাহবুব রনির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, দোকানঘর নির্মাণের জন্য তাঁদের সিটি করপোরেশনের বরাদ্দপত্র আছে, এ জন্য ভ্রাম্যমাণ আদালত স্থাপনা উচ্ছেদ করেননি। মীর মাহবুব বলেন, ‘আমাদের সব কাগজপত্র আছে, কাল (২২ আগস্ট) এগুলো ফটোকপি করে রাখব, আপনি চাইলে সিটি করপোরেশনে নিয়ে যাচাই করে দেখতে পারেন।’ পরদিন ২২ আগস্ট মাহবুব এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বলেন, তিনি জরুরি কাজে রয়েছেন, এক দিন পর দেখা করবেন। এরপর পর পর দুই দিন তাঁর মুঠোফোন বন্ধ অবস্থায় পাওয়া গেছে। ২৪ আগস্ট একবার তাঁর মুঠোফোন খোলা পাওয়া যায়। প্রথমবার তিনি কল রিসিভ করেননি, এরপর আবার তা বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ হোসেন গত রোববার প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত দোকানঘর উচ্ছেদ করতে গেলে দোকানমালিকেরা তাঁদের বরাদ্দ আছে দাবি করে বরাদ্দপত্র দেখান। এগুলো সার্ভেয়ারকে দেওয়া হয়েছে তদন্ত করে দেখার জন্য। দু-এক দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে গত সোমবার (২৬ আগস্ট) পশু হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, ওই দোকানঘরগুলোর নির্মাণকাজ থেমে নেই। সাতটি দোকানঘরের মধ্যে পাঁচটিতে শাটার লাগানো হয়েছে, এগুলোতে তালা লাগানো। বাকি দুটোতে ভেতরের দিকে আস্তরের কাজ চলছে।