সম্প্রসারিত সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ। তার পরও তা কাজে আসছে না। যানবাহন চলাচলে বাধা হয়ে আছে বিদ্যুৎ ও বিলবোর্ডের খুঁটি। চট্টগ্রাম নগরের ঢাকা ট্রাংক রোড (ডিটি রোড) এলাকার কয়েকটি অংশে যানজট, পথচারীদের চলাচলের সমস্যা ও নানা দুর্ভোগ রয়েই গেল। এই সড়কের দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত সম্প্রসারণ প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সরেজমিনে ডিটি রোডে গিয়ে দেখা যায়, বারো কোয়ার্টার বাদামতল নামক এলাকায় কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে বেশ কয়েক দিন আগে। কিন্তু সম্প্রসারিত সড়কের ওই অংশ থেকে এখনো সরানো হয়নি বিদ্যুৎ বিভাগ ও টিঅ্যান্ডটির দুটি খুঁটি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজ হোসেন অভিযোগ করেন, ‘সড়ক বড় করে কী লাভ হয়েছে। এখনো রাস্তা থেকে বিদ্যুতের খুঁটিই তো সরানো হলো না। এতে শুধু যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে না, ইতিমধ্যে ছোটখাটো কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এলাকায়। তাই সড়কের মাঝখান থেকে এগুলো যত তাড়াতাড়ি সরানো যাবে, ততই আমরা বিপদমুক্ত থাকব।’
ডিটি রোডের ঈদগাঁ ও মনসুরাবাদ এলাকায় গিয়েও একই অবস্থা দেখা যায়। এখানেও সম্প্রসারিত সড়কের বিভিন্ন অংশে বিদ্যুৎ বিভাগ নতুন খুুঁটি বসিয়েছে। কিন্তু এগুলোতে কোনো সংযোগ দেওয়া হয়নি। ফলে রাস্তার মধ্যেই রয়েছে এখনো পুরোনো খুুঁটিগুলো। ডিটি রোডের দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত সম্প্রসারিত সড়কে নতুনভাবে তৈরি করা প্রায় সব কয়টি বিভাজকেই বসানো হয়েছে বিলবোর্ডের খুঁটি। সড়কের কাজ শেষ হওয়ার আগেই এসব খুঁটি বসানো হয় বলে অভিযোগ রয়েছে। সিডিএ কর্তৃপক্ষ গত ১৫ জুনের মধ্যে এসব বিলবোর্ড মালিককে পিলারগুলো সরিয়ে নিতে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানায়। কিন্তু এখনো পর্যন্ত সরানোর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বিলবোর্ডের খুঁটি সরানো প্রসঙ্গে সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। আমরা সুবিধামতো সময়ে সড়কের গুরুত্ব অনুযায়ী এসব খুঁটি অপসারণ করব। আমাদের প্রকল্পের অধীনে সম্প্রসারিত সব কয়টি সড়ক হস্তান্তরের আগেই অবৈধভাবে বসানো বিলবোর্ডের খুঁটি সরিয়ে নেব।’