রাস্তা নয় বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলিস্তান সিনেমা হলের সামনের পুরো সড়কেই বসেছে হকারদের ভ্রাম্যমাণ দোকান। যানবাহন চলাচলের কোনো জায়গা সেখানে নেই l ছবি: প্রথম আলো
গুলিস্তান সিনেমা হলের সামনের পুরো সড়কেই বসেছে হকারদের ভ্রাম্যমাণ দোকান। যানবাহন চলাচলের কোনো জায়গা সেখানে নেই l ছবি: প্রথম আলো

হকারদের বসার জন্য রাজধানীর কয়েকটি এলাকা নির্ধারিত করে ‘হলিডে মার্কেট’ করা হয়েছিল। কিন্তু গুলিস্তান ও আশপাশের এলাকা এখন প্রতিদিনই হলিডে মার্কেট। সেখানে হকাররা শুধু ফুটপাত নন, রাস্তাও দখল করে নিয়েছেন।
গত কয়েক দিন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা যায়। ২০০৭ সালে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে হকার পুনর্বাসনের অংশ হিসেবে ‘হলিডে মার্কেট’ চালু করা হয়। হকারদের উচ্ছেদ করে রাজধানীর পাঁচটি নির্দিষ্ট জায়গায় তাঁদের বিভিন্ন ছুটির দিনে বসার ব্যবস্থা করে দেওয়া হয়। জায়গাগুলো হচ্ছে গুলিস্তান-বঙ্গবন্ধু অ্যাভিনিউ, মৎস্য ভবনের সামনের রাস্তা, মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে, শাপলা চত্বর এলাকা, জাতীয় ক্রীড়া পরিষদের পাশে ও বায়তুল মোকাররম এলাকা। তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে হলিডে মার্কেটের নিয়মকানুন কিছুটা শিথিল হয়ে পড়ে। আর এখন পুরো শহরই, বিশেষ করে গুলিস্তান ও আশপাশের এলাকা কার্যত হলিডে মার্কেট হয়ে গেছে।
গত বুধবার দুপুরে গুলিস্তান মুক্তিযোদ্ধা স্পোর্টস মার্কেট (সাবেক গুলিস্তান সিনেমা হল) এলাকা ঘুরে দেখা যায়, গোলাপশাহ মাজারের দিকে যাওয়ার রাস্তাজুড়ে হকার। কিছু যানবাহন চলাচলের চেষ্টা করে দীর্ঘ সময় আটকে থাকছে। বিপরীত দিকে গুলিস্তান পাতাল মার্কেটের ওপরে রাজধানী রেস্তোরাঁর সামনের রাস্তাটি একেবারেই বন্ধ। কারণ সেখানে ফুটপাত ছাড়াও পুরো রাস্তায় হকারদের দোকান। আন্ডারপাসের পাশে সামান্য খালি জায়গা পেয়ে সেখানে এক চালক তাঁর মোটরসাইকেল রাখতে যান। এ সময় কয়েকজন হকার চিৎকার করে ওঠেন। তাঁরা জানিয়ে দেন যে এখানে মোটরসাইকেল রাখা যাবে না।
রাস্তার ওপর দোকান কেন—চালক এমন প্রশ্ন করলে লাঠি হাতে এক হকার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। মোটরসাইকেলচালক ট্রাফিক সার্জেন্টকে অভিযোগ করার কথা বললে ওই হকার বলেন, ইচ্ছা হলে সার্জেন্টকে বলতে পারেন, তাঁর কিছুই হবে না।
খালি স্থানেই একটি ভাঙা ব্যক্তিগত গাড়ি রাখা। তার ওপর ট্যাবলেট, ক্যাপসুলসহ বিভিন্ন ধরনের ওষুধ সাজিয়ে ব্যবসা করছেন এক ব্যক্তি। ওই ওষুধ আসল না নকল তা দেখারও কেউ নেই।
গত বৃহস্পতিবারও এলাকায় গিয়ে ফুটপাত ও রাস্তাজুড়ে হকারদের আধিপত্য দেখা যায়। গতকাল শুক্রবার দুপুরে দেখা যায়, প্রতিটি রাস্তার ওপরই হকার আর হকার। কয়েকজন হকার বলেন, শুক্রবার এই এলাকাটি ‘হলিডে মার্কেট’—যেখানে ইচ্ছা বসা যায়।
বিরক্ত একজন রিকশারোহী এক হকারকে বলেন, ‘ফুটপাত তো তোমরা নিয়েছেই। রাস্তাও দখল করলে। যানবাহন চলবে কী করে?’
জবাবে হকার বললেন, ‘এ কথা আপনি বলার কে?’ রিকশারোহী প্রতিবাদ জানালে কয়েকজন হকার একজোট হয়ে তাঁকে অপমান করেন। এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে এখানে।
ফুটপাত দখল রোধ এবং সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে গুলিস্তান ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ফুটপাত বরাবর ইস্পাতের মোটা বেড়া দেওয়া হয়েছিল। বেড়াগুলো এখন ব্যবহৃত হচ্ছে হকারদের জামাকাপড় ঝোলানোর কাজে।
গুলিস্তান ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা ঘুরে এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হকার উচ্ছেদে মাঝেমধ্যে অভিযান চালানো হলেও আবারও হকাররা ফুটপাত এবং রাস্তায় বসে যান। বিষয়টি দেখার দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের। গতকাল শুক্রবার দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক বিভাগ-দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে উচ্ছেদ অভিযান চালানো হলেও হকাররা আবার বসে যান। এবার কঠিনভাবে ধরা হবে।