রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসী বিভক্ত, বিক্ষোভ-সমাবেশ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কাফুলাবাড়ী গ্রামে কৃষিজমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ রাস্তা তৈরির পক্ষে এবং অন্য পক্ষ বিপক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন দপ্তরে তদবির করছে। গ্রামে চলছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামের কিরণ দাসের পুকুরপাড় থেকে কৃষিজমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় জমির মালিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তাটি কৃষিজমির ওপর দিয়ে নির্মিত হলে ২৭টি পরিবারের কলাবাড়ী মৌজার ১৬টি খতিয়ানে ৩৫ বিঘা জমি নষ্ট হবে বলে জমির মালিকেরা জানিয়েছেন। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।গ্রামের শিক্ষক অরবিন্দ সরকার, কৃষক অনিল মল্লিক, সখী বণিক, জুগল হালদার, কুটিশ্বর বাড়ৈ, পাগল হালদার, জমির মালিক পবিত্র দাস ও ব্যবসায়ী মাইকেল ওঝা জানান, কৃষিজমির মধ্য দিয়ে রাস্তা করলে সরাসরি অতুল বাড়ৈর বাড়িতে গিয়ে মিশবে। তাঁদের পরিবারের গাড়ি নিয়ে চলাচলের সুবিধার জন্যই এভাবে রাস্তা তৈরির চেষ্টা চলছে। অথচ সরকারি খালপাড় দিয়ে রাস্তা করলে খাল পুনঃখননের মাটি দিয়েই তা নির্মাণ করা সম্ভব হবে। কমপক্ষে ৬০টি বসতবাড়ির পাশ দিয়ে রাস্তাটি যাবে। এতে নৌ যোগাযোগব্যবস্থা আরও সচল হবে। ভূগর্ভস্থ পানির পরিবর্তে খালের পানি দিয়েই সেচ দেওয়া যাবে। নৌপথে জমির ফসল পরিবহনও সহজ হবে।এ ব্যাপারে অতুল বাড়ৈ বলেন, ‘সোজাসুজি জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের কোনো বিকল্প নেই। খালপাড় দিয়ে রাস্তা হলে সেটা গ্রামের এক পাশ দিয়ে হয়ে যায়।’ কলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কৃষ্ণ মজুমদার বলেন, ‘কৃষিজমি নষ্ট করে বা জনগণের ক্ষতি করে এমন কোনো রাস্তা নির্মাণ করা হবে না।’কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘কৃষিজমি নষ্ট করে কোনো রাস্তা নির্মাণ করা হবে না। যেহেতু পাশ দিয়ে একটি খাল রয়েছে; সেটা সরকারি জায়গা। রাস্তা নির্মিত হলে ওই খালপাড় দিয়েই করা হবে।’এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ বলেন, ‘আমাদের এমন কোনো প্রকল্প নেই। তা ছাড়া আমার কাছে এ সংক্রান্ত কোনো আবেদনও আসেনি।’