রাস্তা নির্মাণ নিয়ে বিরোধে সাভারে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়ায় জুবায়ের মাতবর (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি আশুলিয়ার পাড়াগাঁও এলাকার তোফাজ্জল হোসেন মাতবরের ছেলে।একটি রাস্তা নির্মাণ নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জুবায়েরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।সাভার থানার পুলিশ ও নিহত জুবায়েরের পারিবারিক সূত্রের বিবরণ অনুযায়ী, জুবায়ের সাভারের আনন্দ পরিবহনের বাস চালাতেন। কাজে যোগ দিতে তিনি গত মঙ্গলবার রাত আটটার দিকে বাসা থেকে বের হন। এরপর তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিরুলিয়ার দেওউল বিলে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সাভার থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।নিহত জুবায়েরের চাচা আবদুল হামিদ মাতবর জানান, সজল, মোহাম্মদ আলী, ইমরানসহ কয়েকজন প্রতিবেশী জোর করে তাঁদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা করছেন। এ নিয়ে জুবায়েরের সঙ্গে মঙ্গলবার দুপুরে তাঁদের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তাঁরা জুবায়েরকে হত্যার হুমকি দেন।এ ব্যাপারে জুবায়েরের বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে গতকাল সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় সজল, মোহাম্মদ আলী, ইমরানসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহামেদ বলেন, রাস্তা নির্মাণ নিয়ে সৃষ্ট ঝগড়ার জের ধরেই জুবায়েরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। গলা কাটা ছাড়াও জুবায়েরের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।