
নির্মাণকাজ শেষ হওয়ার তিন দিন পরই কিশোরগঞ্জের নিকলী উপজেলার নয়াহাটি গ্রামে রাস্তার নিচের মাটি ধসে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরপরও রাস্তাটি দিয়ে যানবাহন ও এলাকাবাসী চলাচল করছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন (হিলিপ) প্রকল্পের আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। এর মধ্যে নয়াহাটি গ্রামে ২০ মিটার রাস্তা ১৩ সেপ্টেম্বর সকালে সামান্য বৃষ্টিতে ধসে পড়েছে।
হিলিপ প্রকল্প ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩০০ মিটার রাস্তার মধ্যে নিকলী-কিশোরগঞ্জ মহাসড়কের টিঅ্যান্ডটি মোড় থেকে নয়াহাটি গ্রামের পাশ দিয়ে কুলুহাটি পর্যন্ত ২৭০ মিটার আরসিসি রাস্তা নির্মাণ শুরু করে এলজিইডি।
নিকলী পুরান বাজার ঘাটের ৩০ মিটারসহ ৩০০ মিটার রাস্তাটির নির্মাণ ব্যয় ধরা হয় ১৮ লাখ টাকা। রাস্তাটিতে মাটি না ফেলে বালু দিয়ে ভরাট করা হয়। ৯ আগস্ট ২৭০ মিটার রাস্তাটির নির্মাণকাজ শেষ হয়। ১৩ সেপ্টেম্বর সকালে সামান্য বৃষ্টিতে প্রায় ২০ মিটার রাস্তার নিচ থেকে বালু ধসে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে এ রাস্তার ওপর দিয়েই এলাকার মানুষ ও যানবাহন চলাচল করছে। গত সোমবার সরেজমিনে দেখা যায়, রাস্তার ওপর দিয়ে মানুষ চলাচল করছে, আর নিচের গর্তে শিশুর দল লুকোচুরি খেলছে।
প্রকল্পের কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘রাস্তার নিচে মাটি ভরাটের কাজ আমাদের নয়। রাস্তার পাশে ইউনিয়ন পরিষদের কাদামাটি দেওয়ার কথা। তারা মাটি না দেওয়ায় নিচের বালু সরে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দু-তিন দিনের মধ্যেই রাস্তাটি আবার নির্মাণ করা হবে।’
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, ‘রাস্তাটি হিলিপ প্রকল্পের। এখানে আমাদের হাত নেই। বর্ষার সময় বালু দিয়ে নির্মাণ করলে কোনো রাস্তাই টেকসই হবে না। এটা জানা সত্ত্বেও তারা বালু ফেলে তড়িঘড়ি করে রাস্তাটি নির্মাণ করেছে।’