রাস্তা নেই, একের পর এক সেতু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে চুঙ্গোর খালের ওপর আবারও রাস্তাবিহীন সেতু নির্মাণ শুরু হয়েছে। এলজিইডির শহর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে কোটচাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ। যেখানে সেতুটি নির্মাণ করা হচ্ছে তার দক্ষিণে কোনো রাস্তা নেই, আছে ব্যক্তিমালিকানার ধানি জমি ও আখের খেত। পরবর্তী সময়ে রাস্তা করা হবে—এমন আশ্বাস দিয়ে সেতুর কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।সরেজমিনে দেখা গেছে, কালীগঞ্জ-জীবননগর সড়কের ধার দিয়ে চলে গেছে চুঙ্গোর খালটি। বৃষ্টি কম হলে বছরের বেশির ভাগ সময় খালটিতে পানি থাকে না। খালপাড়ের কাশিপুর গ্রামের সীমান্তে আরেকটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ চার লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে এর নির্মাণকাজ করছে।যেখানে সেতুটি নির্মাণ করা হচ্ছে তার দক্ষিণে রয়েছে আবদুুল কুদ্দুস মিয়ার কৃষিজমি। এর পাশে হরি প্রসাদ নামের এক ব্যক্তির জমি। সঙ্গে রয়েছে সাজেদুল হক নামে কোটচাঁদপুর পৌরসভার এক কর্মকর্তার জমি। তিনি ৩৬ শতাংশ জমিতে আমের বাগান করেছেন।পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাশিপুর গ্রামের বাসিন্দা রোস্তম আলী জানান, ওই স্থানে সেতু করে কতিপয় ব্যক্তি তাঁদের জমির মূল্য বাড়ালেন। যাঁরা কৃষিজমিতে ভবিষ্যতে প্লট করে বিক্রি করতে চান, তাঁদের মধ্যে পৌরসভার কর্মকর্তারাও রয়েছেন।পৌরসভার কর্মকর্তা সাজেদুল হক রাস্তা প্রসঙ্গে জানান, জমির ভেতর দিয়ে রাস্তা হওয়ার প্রয়োজন নেই। খালের পাড় দিয়ে একটা রাস্তা হলেই সাধারণ মানুষের উপকার হবে। মাত্র ৫০০ গজ দূরের সেতু দিয়ে পার হওয়া প্রসঙ্গে বলেন, কেউ ঘুরতে চায় না। সবাই হাতের কাছে সুবিধা পেতে চায়। সেতুর ওপর দিয়ে মাঠে যাওয়ার রাস্তা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ কি তার জমির ভেতর দিয়ে রাস্তা দিতে চায়?’ তাই তিনিও দেবেন না।নওদা গ্রামের শাহজাহান আলী জানান, যেখানে সেতু নির্মাণ করা হচ্ছে তার দক্ষিণে বিস্তীর্ণ মাঠ। সেই মাঠে রয়েছে তাঁদের গ্রাম ও পার্শ্ববর্তী সলেমানপুর গ্রামের বাসিন্দাদের চাষযোগ্য জমি। বর্ষার সময় তাঁদের খেতের ফসল তুলতে কষ্ট হয়। কিন্তু রাস্তাবিহীন সেতু হলে তাঁদের কোনো উপকার হবে না।কোটচাঁদপুর পৌরসভার মেয়র সালাউদ্দিন বুলবুল জানান, ভবিষ্যতে এখানে রাস্তা তৈরি করা হবে। ব্যক্তিমালিকানার জমিতে কীভাবে রাস্তা করবেন তা জানতে চাইলে তিনি বলেন, কেউ জমি দিতে না চাইলে খালের পাড় দিয়ে রাস্তা তৈরি করা হবে। এলাকার মানুষের দাবি থাকায় এটা করা হচ্ছে।আগে একই খালের ওপর আরেকটি সেতু নির্মাণের সময় রাস্তা করার প্রতিশ্রুতি থাকলেও তিন বছরে তা না হওয়া প্রসঙ্গে সালাউদ্দিন বুলবুল জানান, এখনো করা সম্ভব হয়নি। সেখানে ব্যক্তিমালিকানার জমি থাকায় সেতু নির্মাণ আটকে দেওয়ার বিষয়টি তিনি দেখবেন বলে জানান।