বরিশাল নগরের স্টেডিয়াম কলোনির বাসিন্দাদের নগরে আসতে প্রায় দেড় কিলোমিটার ঘুরতে হয়। বাধ্য হয়ে এলাকার বাসিন্দা ও শিশুরা ঝুঁকি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের পেছনের ফটক টপকে সোজা পথ পাড়ি দেন।
সরেজমিনে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ডের পেছনের দিকের ফটকে কয়েকটি স্থান ভাঙা। ওই ফাঁকা দিয়ে শিশুরা ভেতরে যাওয়া-আসা করছে। ফটক টপকে এপার-ওপার হচ্ছেন বয়স্ক ব্যক্তিরা।
বরিশাল নগরের ১১ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম কলোনির বাসিন্দা নূরুল ইসলাম জানান, একসময় পানি উন্নয়ন বোর্ডের প্রাচীরের পাশ দিয়ে একটি সড়ক ছিল। তিন বছর ধরে ওই সড়ক বন্ধ করে দেওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছয় শতাধিক মানুষ বাধ্য হয়ে পানি উন্নয়ন বোর্ডের গেট টপকে যাতায়াত করে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবুল হোসেন বলেন, এখানে চুক্তিভিত্তিক গার্ড নিয়োগ দেওয়ায় রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাই কলোনির বাসিন্দারা গেট টপকে অবৈধভাবে সহজ পথে যাতায়াত করেন। এর ফলে মূল গেটের অনেক ক্ষতি হয়েছে।
১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মজিবর রহমান বলেন, অনেক আগে পানি উন্নয়ন বোর্ডের পাশ দিয়ে একটি সড়ক ছিল। ওই সড়ক বন্ধ হওযায় কলোনির বাসিন্দাদের দেড় কিলোমিটার ঘুরে মূল সড়কে আসতে হয়। তাই তাঁরা বিকল্প হিসেবে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের গেট টপকে সহজে নগরে আসেন।