রাস্তা নয়, যেন চষা জমি
একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ সময় মনে হয়, এটি রাস্তা নয়, যেন চাষ করা জমি। তিন কিলোমিটার দীর্ঘ এই কাঁচা রাস্তার কারণে মাগুরা সদর উপজেলার হাজিপুর ও হাজরাপুর ইউনিয়নের কমপক্ষে ২০ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে।শিবরামপুর-মির্জাপুর ভায়া নড়িহাটি নামের এই সড়ক দিয়ে পাশের ঝিনাইদহ জেলার সদর উপজেলার গোপালপুর, হরিশঙ্করপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষও নিয়মিত চলাচল করে।রাস্তাসংলগ্ন নড়িহাটি গ্রামের কৃষক হানেফ মোল্লা (৭৫) বলেন, ‘পৌরসভার খুব কাছে আমাগের গ্রাম। মাগুরা শহরের নতুন বাজার থেকে রাস্তাডা আমাগের গ্রামের মধ্যি দিয়ে ঝিনেদার গুপালপুর যাইয়ে উঠিছে। সাত-আট মাইল লম্বা এই রাস্তার বেশির ভাগই পাকা হয়ে গেছে। কেবল অল্প একটু রাস্তার জন্যি আমরা যে কী সমস্যায় আছি, তা কোয়ে (বলে) বুঝাতি পারব না। বর্ষাকালে রাস্তা দিয়ে হাঁটেও যাওয়া যায় না। মানুষ রাস্তার পাশের বাড়ির ওপর দিয়ে চলাচল করে। অন্য সুমায়ও পিরাই একই অবস্থা। দেখতিছেন না, এই শুকনোর সুমায়ও কি কাদা? তরকারি (সবজি) আর ফল বুঝাই টিরাক যাতি যাতি রাস্তা আর রাস্তা নেই। বড় বড় গর্ত হইছে। টিরাক পিরাই গর্তে পড়ে উঠতি পারে না।’মির্জাপুর গ্রামের আতর আলী, আলাইপুর গ্রামের সাধন দাস ও দারিয়াপুর ছত্রকান্দি গ্রামের উত্তম বিশ্বাস বলেন, মাত্র তিন কিলোমিটার কাঁচা রাস্তার কারণে আমরা চরম দুর্ভোগ পোহাচ্ছি। এ রাস্তা দিয়ে দুই ইউনিয়ন ও ঝিনাইদহ সদরের একাংশের কমপক্ষে ২০ গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। এ অঞ্চলে পেয়ারা, লিচু, পেঁপে ও আমগাছের পাঁচ শতাধিক বাগান রয়েছে। এ ছাড়া এখানে নানা রকম শাকসবজির আবাদ হয়। অথচ কাঁচা রাস্তাটুকুর কারণে এসব সবজি ও ফল বাজারজাত করা কঠিন হয়ে পড়েছে।’কাঁচামালের ব্যবসায়ী শ্রীমন্তপুর গ্রামের মুস্তাকিম বিল্লাহ (৪০) বলেন, প্রতিদিন কমপক্ষে ১০-১৫টি ট্রাক ভরে এ অঞ্চল থেকে সবজি ও ফল বাজারে নেওয়া হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা-পানি জমে যায়।ঝিনাইদহের হরিশঙ্করপুর গ্রামের সাধন বিশ্বাস বলেন, ‘আমরা প্রতিদিন নানা কাজে মাগুরায় আসি। গোপালপুর থেকে মাগুরা নতুন বাজার পর্যন্ত ১০ কিলোমিটার মতো সোজা ও নিরাপদ রাস্তা। কিন্তু সব জায়গায় পাকা থাকলেও নড়িহাটি গ্রামের ভেতর রাস্তার বেশ কিছু অংশ কাঁচা থাকায় আমাদের দুর্ভোগে পড়তে হয়। এ রাস্তা ছাড়া বিশ্বরোড হয়ে মাগুরা যেতে গেলে পাঁচ-ছয় কিলোমিটার পথ ঘুরে আসতে হয়।’নড়িহাটি গ্রামের গোলাম মোস্তাফা বলেন, ‘রাস্তাটা এখনই পাকা করা দরকার। না হলে সবজি ও ফল চাষের জন্য বিখ্যাত এ অঞ্চলের মানুষের দুঃখের দিন আরও দীর্ঘায়িত হবে। রাস্তাটি আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাগুরা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুবাস কুমার সাহা বলেন, ‘আমি ওই রাস্তার প্রকল্প প্রস্তাব তৈরি করে সদর দপ্তরে পাঠিয়েছি। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।’