রাস্তা নয়, যেন চষা জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। তখন এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তার পরও মানুষ এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এ করুণ অবস্থা সিলেটের বালুচর-নতুনবাজার-সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সড়কের।
স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা কার্যালয় তিন কিলোমিটার দীর্ঘ এ সড়ক নির্মাণ করে। সিলেট সদর উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে আশপাশের এলাকার অন্তত কয়েক হাজার মানুষ চলাফেরা করেন।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র গোলাম সরোয়ার সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৯০ ভাগই এ সড়ক ব্যবহার করে সিলেট শহরে যাতায়াত করেন। স্থানীয় আরও কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন।
বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমা-তুজ-জোহরা বলেন, এ সড়ক দিয়ে চলাচলে ছাত্রীদের দুর্ভোগই বেশি। এখানে সড়কবাতি নেই। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান পানি আর কাদায় সড়ক একাকার হয়ে যায়। এ কারণে অনেক সময় রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশার চালকেরা এ সড়ক দিয়ে যেতে চান না। তাই অনেক সময় হেঁটেই যাতায়াত করতে হয়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বালুচর পয়েন্ট থেকে নতুন বাজার পর্যন্ত প্রায় সোয়া এক কিলোমিটার অংশের বেশির ভাগ স্থানেই পিচ, পাথর ও ইটের খোয়া উঠে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। নতুন বাজার থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সড়কের সংযোগস্থল পর্যন্ত সড়কের নতুন বাজার অংশে বর্ষা মৌসুমে সব সময়ই কাদায় একাকার হয়ে থাকে। শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন এ অংশটিকে ‘হালচাষের জমি’ হিসেবে অভিহিত করেছেন।
নতুন বাজার এলাকার স্টেশনারি ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, সড়কের পাশে কোনো ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি আর কাদা সড়কে উঠে পড়ছে। এ কারণেই বেহাল সড়কটি আরও বেহাল হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন নির্বিকার। বালুচর এলাকার রিকশাচালক মো. রুহুল আমিন বলেন, ‘১৪-১৫ বছর ধইরা রিকশা চালাই। এই ধরনের বেজুইত্যা (বেহাল) রাস্তা জীবনেও দেখি নাই! এই রাস্তা থাকা না-থাকা সমান।’
উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান জানান, রাস্তাটি টিলা এলাকায়। তাই টিলা থেকে বালু এসে রাস্তার ওপর পড়ে। এতে বর্ষাকালে এটি কাদামাটিতে একাকার হয়ে যায়। ২০১৪-২০১৫ অর্থবছরে সড়কটি নতুন করে নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে চলতি বছরের শেষের দিকেই কাজ শুরু করা হবে।