রাস্তা নয় যেন চষা জমি
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার প্রধান সড়কের বেশির ভাগ জায়গা খানাখন্দে ছোট ছোট জলাশয়ে পরিণত হয়েছে। বিকল্প না থাকায় এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কদমতলী-চুনকুটিয়া সড়কের বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর দক্ষিণ প্রান্ত কদমতলী অংশে খানাখন্দে বৃৃষ্টির পানি জমে ছোট ছোট জলাশয়ের সৃষ্টি হয়েছে। মাসখানেক ধরে সড়কের পাশে পয়োনিষ্কাশন লাইন নির্মাণের কাজ শুরু হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। চুনকুটিয়া সড়ক এলাকার মাসুদ ট্রেডার্সের মালিক মো. মাসুদ জানান, মাসখানেক আগে তাঁর দোকানের সামনে রাস্তায় পয়োনিষ্কাশনের লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে ওই অংশ দিয়ে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। সিএনজি গাড়ির চালক সুবল মোদক বলেন, রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ায় গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে, প্রতিদিন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি করেন তিনি। মহানগর পরিবহনের চালক বেলাল হোসেন জানান, কদমতলী-চুনকুটিয়া সড়ক দিয়ে বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, শ্রমিকেরা ঈদের ছুটিতে থাকায় বর্তমানে রাস্তাটি সংস্কার সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে সংস্কারের ব্যবস্থা করা হবে। স্থানীয় সাংসদ নসরুল হামিদ বলেন, কদমতলী-চুনকুটিয়া সড়কটি সংস্কারের জন্য তিন কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে সেখানে রাস্তার দুই পাশে পয়োনিষ্কাশনের লাইনের কাজ চলছে। কয়েক দিন ধরে বৃষ্টির জন্য আপাতত কাজ বন্ধ রয়েছে। দ্রুত সেটা সংস্কার করা হবে। তা ছাড়া এই সড়কটিতে চার লাইনবিশিষ্ট সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।