
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী-নলডাঙ্গা পাকা সড়কের দুই পাশে ভাঙন দেখা দেওয়ায় চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাত্র এক বছর আগে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে এই সড়কের এক কিলোমিটার মেরামত করা হয়।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সদর থেকে এলাঙ্গী ইউনিয়ন পরিষদ পর্যন্ত যোগাযোগের জন্য তিন কিলোমিটার সড়ক রয়েছে। ২০০৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে দরপত্র আহ্বান করে সড়কটি পাকা করা হয়। এই সড়ক দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করায় নলডাঙ্গা বাজার থেকে এলাঙ্গী বাজার পর্যন্ত এক কিলোমিটারের ইট, কার্পেটিং উঠে সড়কটি বেহাল হয়ে পড়ে। এ কারণে ২০১৬ সালের আগস্ট মাসে উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে দরপত্র আহ্বান করে মোল্লা কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে ওই এক কিলোমিটার সড়ক মেরামত করা হয়।
সরেজমিনে ২ সেপ্টেম্বর বিকেলে দেখা যায়, ওই সড়কের একপাশে নলডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি মাছ চাষের জন্য পুকুর খনন এবং অন্যপাশ থেকে সড়কে মাটি ভরাটের কাজ করায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ বছর বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সড়কের দুই পাশে পানির চাপে ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙনরোধে প্রাথমিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে এখন ভাঙনের আকার বড় হয়ে সড়কটি সরু হয়ে গেছে। তাই ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় এলাঙ্গী ইউনিয়নের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এলাঙ্গী গ্রামের আবদুল মজিদ বলেন, সড়কটি সংস্কারের সময় ভাঙন ঠেকাতে দুই পাশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে বৃষ্টি ও বন্যার পানিতে সড়কের দুই পাশে ভাঙন ধরেছে। অন্য কোনো বিকল্প সড়ক না থাকায় এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ পায়ে হেঁটে চলাচল করছে।
নলডাঙ্গা গ্রামের অটোভ্যানচালক শফিকুল ইসলাম বলেন, ‘সড়ক ভাইঙ্গা যাওয়ায় গত কয় দিন ধইরা ভ্যান নিয়া ধুনট থাইকা এলাঙ্গী বাজারের যাইতে পারি না। আরও যে কয় দিন লাগব সড়ক ভালো করতে, তার কোনো খোঁজখবরও পাই না। আমার খাইটা মানুষ। এভাবে বইসা বইসা খাইলে তো আর আমাইগরে প্যাট চলব না। তাই কষ্ট কইরাই ভাঙ্গা স্থানে যাত্রীদের নাইমা দিয়া কোনোমতে খালি ভ্যান এপার-ওপার করছি।’
এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক বলেন, ‘যোগাযোগব্যবস্থা সচল রাখতে আমার ব্যক্তিগত উদ্যোগে বালির বস্তা ফেলে অস্থায়ীভাবে মেরামত করা হবে। পরে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সড়ক সংস্কারের সময় ভাঙনরোধে প্যালাসাইটিং দিয়ে ব্যবস্থা গ্রহণ করা ছিল। অতিরিক্ত বৃষ্টি ও বন্যার পানির চাপে প্যালাসাইটিংসহ সড়কের দুই পাশে ভাঙন দেখা দিয়েছে। তাই ভাঙনরোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ পেলে স্থায়ী সমাধান ও দ্রুত ভাঙনস্থান মেরামত করা হবে।