রাস্তা পাকা না হওয়ায় কাজে আসছে না সেতু
‘১২ বছর আগোত জমির মধ্যে একনা পুল বানে থুইছে, তার রাস্তাঘাট কিছুই করে নাই। রাস্তা ছাড়া এই পুল দিয়া হামার কী হবে।’এ কথাগুলো রংপুরের তারাগঞ্জ উপজেলার হাতীবান্ধা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের। উপজেলার হাতীবান্ধা-কাশিয়াবাড়ীর রাস্তাটি পাকা করা হয়নি। কিন্তু ওই রাস্তায় একটি খালের ওপর সেতু নির্মাণ করা হয়েছে। সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। এ সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে সাইফুল ইসলাম ক্ষোভ নিয়ে এসব কথা বলেন। রাস্তাটি পাকা না হওয়ায় সেতুর আশপাশের এলাকার অনেক মানুষই ক্ষোভ প্রকাশ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে হাতীবান্ধা গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে গেছে হাতীবান্ধা-কাশিয়াবাড়ীর দুই কিলোমিটার দীর্ঘ সরু কাঁচা রাস্তা। হাতীবান্ধাসহ আট গ্রামের মানুষ ৪০ বছর ধরে রাস্তাটি পাকা ও পাশে বড় করার দাবি জানিয়ে আসছে। কিন্তু রাস্তা পাকা না করে ১৯৯৯ সালে সরকার হাতীবান্ধা গ্রামের কাছে একটি খালের ওপর সেতু নির্মাণ করে। সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। সরু একটি আইলের মাঝখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। রাস্তা না করায় সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না।এলাকাবাসী জানায়, এ রাস্তাটি নির্মাণ করা হলে হাতীবান্ধা, পারঘাট, নদীর পাড়, বালাপাড়া, বানিয়াপাড়া, খারুভাজ, খলেয়া, কাশিয়াবাড়ী গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে আর সাত কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যেতে হবে না। পারঘাট গ্রামের আমিনুর রহমান বলেন, ‘রাস্তা ছাড়া অযথা সেতু নির্মাণ করা হয়েছে। এটি জনগণের কোনো কাজে লাগছে না।’বানিয়াপাড়া গ্রামের মোছাদ্দেক হোসেন বলেন, সেতুটির দুই পাশের আট গ্রামের ১৫ হাজার মানুষের কষ্ট আগের মতোই রয়ে গেছে। রাস্তা না হওয়ায় তাঁদের সাত কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে। হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, রাস্তাটি নির্মাণ করা হলে আট গ্রামের মানুষের দুর্ভোগ ঘুচবে। কিন্তু এটি নির্মাণের মতো অর্থ ইউনিয়ন পরিষদের নেই। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আলম জানান, বরাদ্দ পাওয়া গেলে হাতীবান্ধা-কাশিয়াবাড়ী রাস্তাটি পাকা করা হবে। শিগগিরই এ কাজ করা হবে।