রাস্তা পাকা হয়নি সাত গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলা ইকরচালী ইউনিয়নের পাকার পুল থেকে সুরঙ্গের বাজার পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। এটি পাকা না হওয়ায় এ ইউনিয়নের সাতটি গ্রামের ১০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে।স্থানীয় লোকজন জানান, রাস্তাটি পাকা না হওয়ায় ইকরচালী ইউনিয়নের যে সাতটি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, সেগুলো হলো: বালাবাড়ি, সুরঙ্গের বাজার, মন্ডলপাড়া, শাহপাড়া, কাচনাখামার, লক্ষ্মীপুর ও পোদ্দারপাড়া। এতে বেশি ক্ষতি হচ্ছে কৃষকদের।লক্ষ্মীপুর গ্রামের আলতাব হোসেন বলেন, ‘ভাঙা ও কাঁচা রাস্তার কারণে ফসল ঘরে তুলতে কি যে কষ্ট হয়, তা বোঝানোর নয়। গুরুত্বপূর্ণ এ রাস্তা নিয়ে কেউ ভাবেও না।’ একই গ্রামের রফিকুল বলেন, ‘গত ২০ বছরে আমাদের গ্রামের এ রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি।’ইকরচালী উচ্চবিদ্যালয়ের ছাত্রী মৌসুমী খাতুন জানায়, বর্ষার সময় কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। মাঝেমধ্যে বইপত্র ও খাতা কাদায় পড়ে নষ্ট হয়ে যায়।পোদ্দারপাড়া গ্রামের হামিদুর হক জানান, রাস্তার দুই পাশে সাতটি গ্রাম ছাড়াও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। বর্ষাকালে রাস্তার অবস্থা খারাপ থাকায় শিশুরা স্কুলে যেতে চায় না।বিড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত চন্দ্র বলেন, ‘কতকাল রাস্তাটির করুণ অবস্থার কারণে ছাত্রছাত্রী ও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হবে, জানি না।’উপজেলা প্রকৌশলী শফিউর রহমান জানান, এ রাস্তাটির মতো তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা আছে। সরকারিভাবে অর্থ বরাদ্দ পেলে পর্যায়ক্রমে রাস্তাগুলো পাকা করা হবে।