রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসজিদে জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিল শিশুটি। কিন্তু সড়ক বিভাজকের কাঁটাতারের মাঝের কাটা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকে পিচঢালা ভিআইপি সড়কে।

গতকাল শুক্রবার বেলা দুইটার কিছু আগে রাজধানীর কারওয়ান বাজারে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, নবীনগর থেকে কমলাপুর পথে চলাচলকারী ওয়েলকাম পরিবহনের একটি বাসের (১১-৮০৭৫) ধাক্কাতেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটির নাম রবিউল আউয়াল (১০)। সে কারওয়ান বাজারের জামেয়া আম্বর শাহ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিল। তিন ভাই, তিন বোনের মধ্যে সে সবার ছোট। তার মা রানু বেগম মেসে রান্নার কাজ করেন। বাবা সাইদুল ইসলাম কোনো কাজ করেন না। তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানার খরগাঁও চমকপুর গ্রামে। তাঁরা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে কাজীপাড়ায় থাকেন।

মাদ্রাসায় থেকেই পড়াশোনা করত রবিউল। ঈদের বন্ধ থাকায় সে মা-বাবার সঙ্গে থাকত। গতকাল জুমার নামাজ শেষে সে বাসায় ফিরছিল।

খবর পেয়ে রবিউলের অপেক্ষায় বসে থাকা তার মা রানু বেগম ছুটে আসেন। ছুটে আসেন তার ভাইবোন-স্বজনেরাও। রাস্তার ওপর পড়ে থাকা লাশের পাশে বসে অঝোরে কাঁদতে থাকেন দুই বোন, এক ভাই। ছেলের লাশ দেখে উদ্‌ভ্রান্তের মতো হয়ে যান মা। তিনি বিলাপ করছিলেন। বারবার ছুটে যেতে চাইছিলেন ছেলের কাছে।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে বিপজ্জনকভাবে রাস্তা পারাপার বন্ধে সড়ক বিভাজকে কাঁটাতার দেওয়া রয়েছে। তবে রবিউল যে স্থানে দুর্ঘটনার শিকার হয়েছে, সেখানে কাঁটাতারের কিছু অংশ কাটা ছিল। ছুটির দিনে ফাঁকা রাস্তায় সেখান দিয়েই সড়ক পার হওয়ার চেষ্টা করেছিল সে।

প্রত্যক্ষদর্শী পান দোকানি সখিনা বেগম বলেন, ‘হঠাৎ শুনতে পাইলাম “ও মাগো” চিৎকার। এরপরই দেখি রাস্তার ওপর পইড়া আছে বাচ্চাটার লাশ।’ এটুকু বলেই কেঁদে ফেলেন সখিনা। আরেক প্রত্যক্ষদর্শী দোকানি আবদুল মান্নানের ভাষ্যও একই রকম।

মামুনুর রশীদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, শিশুটি তখনো রাস্তার পাশেই ছিল। বাসটি পেছন দিক থেকে প্রথমে তাকে ধাক্কা দিলে সে পড়ে যায়। বাসটি তারপরও ব্রেক না কষে চলতে শুরু করে। শিশুটি আবারও ধাক্কা খায়। আর তখনই তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল মল্লিক প্রথম আলোকে বলেন, ওই বাসটি আরামবাগ থেকে আটক করা হয়েছে। তবে বাসের চালককে ধরা যায়নি।

জামেয়া আম্বর শাহ আল ইসলামিয়া মাদ্রাসার অফিস সহকারী নাসির উদ্দিন বলেন, রবিউল আউয়াল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। মাদ্রাসায় থেকে পড়াশোনা করলেও তার মা-বাবা বাসা থেকে তাকে খাবার দিয়ে যেতেন।