রাস্তা পারাপারে শিক্ষার্থীদের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের স্কুল ও কলেজের সামনে গতিরোধক, জেব্রা ক্রসিং বা কোনো ধরনের পারাপারের চিহ্ন বা সংকেত না থাকায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। সড়ক পার হতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে সড়কগুলো ঘুরে দেখা গেছে, নগরের আহসান আহমেদ সড়কের সেন্ট জোসেফস উচ্চবিদ্যালয়, করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খানজাহান আলী সড়কের খুলনা কলেজিয়েট স্কুল, সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়, পিটিআই স্কুল, সুলতানা হামিদ আলী, মোজিদ মেমোরিয়াল (সিটি) কলেজ, আহসান উল্লাহ কলেজ, যশোর লোয়ার সড়কের নূরনগর মাধ্যমিক বিদ্যালয় ও মুহাসীন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের জন্য কোনো চিহ্ন নেই।
আরও দেখা গেছে, নগরের শিববাড়ির মোড়, নিউমার্কেটের সামনে, বৈকালী মোড়, দৌলতপুরের সেতুলতলা, ফুলবাড়ি গেট, রেলগেট গুরুত্বপূর্ণ স্থানে দেওয়া জেব্রা ক্রসিংয়ের রং উঠে গেছে। দূর থেকে সেগুলো দেখার কোনো উপায় নেই। এতে অনেক সময় হালকা যানবাহন গতিরোধক দেখতে না পেয়ে সড়কের ওপর আছড়ে পড়ছে।
সিটি কলেজের ছাত্র সোহেল ইসলাম বলেন, ‘শুধু আমাদের কলেজ না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই জেব্রা ক্রসিং নেই। গাড়ি-ঘোড়া গায়ের ওপর উঠে পড়ে।
নূরনগর বিদ্যালয়ের অভিভাবক মনিরুল ইসলাম বলেন, খুলনা-যশোর খুবই ব্যাস্ততম সড়ক। এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন যাতায়াত করে। কিন্তু স্কুলের সামনে গতিরোধক নেই। তা ছাড়া পারাপারের কোনো চিহ্নি নেই।
খুলনা-যশোর সড়কের বাসচালক ইসতিয়াক আহমেদ বলেন, ‘স্কুল ছুটির পরে বাচ্চারা সড়কজুড়ে ছোটাছুটি করে পার হয়। যদি একটি জায়গা দিয়ে পার হতো, তাহলে আমরাও সেই স্থানে গিয়ে গাড়ি স্লো করতাম। কিন্তু সেই ব্যবস্থা না থাকায় সমস্যা বেড়ে যাচ্ছে।’
কেএমপির খুলনা জেলার শহর ও যানবহন পুলিশ পরিদর্শক হারুনুর রশিদ বলেন, ‘সড়কের কোথায় কী হবে সেটা সড়ক বিভাগের দায়িত্ব।’
সড়ক ও জনপথ বিভাগের খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী মোহম্মদ আলিউর রহমান বলেন, ‘এ সমস্যা সম্পর্কে কখনো কেউ আমাদের জানায়নি। তবে যদি ওই সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের কাছে বলা হয়, তবে আমরা ব্যবস্থা করব।’
জেব্রা ক্রসিংয়ের রং ওঠা প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘বৃষ্টির জন্য অনেক জায়গার রং উঠে গেছে। আমরা আবার ওই স্থানগুলোতে রং দিয়ে দেব।’