রাস্তা পারাপারে শৃঙ্খলা আনতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা পারাপারে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ আদালতকে সঙ্গে নিয়ে অভিযানে নামছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিয়মের বাইরে রাস্তা পারাপার করলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থ জরিমানা বা জেলসহ জরিমানা করবেন। আগামী মঙ্গলবার থেকে রাজধানীর রূপসী বাংলা হোটেল মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে।
গতকাল রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এ তথ্য দেন। তিনি বলেন, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে জনগণকে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাই আদালত দিয়ে অভিযান শুরুর আগে কাল সোমবার পর্যন্ত রূপসী বাংলা হোটেল মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তায় সচেতনতামূলক কার্যক্রম চালাবে ডিএমপি।
ডিএমপি কমিশনার বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য মানুষকে জরিমানা করা নয়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। রাস্তা ব্যবহারে শৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে রাস্তা ব্যবহারকারী সবার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন। কিন্তু বছরের পর বছর দেখা যাচ্ছে, পথচারীরা সেদিকে খেয়াল করেন না। শুধু আইন প্রয়োগকারী সংস্থা দিয়ে এ শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। নগরবাসীর সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ দরকার।
ডিএমপি কমিশনার বলেন, যেখানে ফুট ওভারব্রিজ-আন্ডারপাস রয়েছে, সেখানেও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে পারাপার করেন। এতে ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যার সৃষ্টি হয়, যানজট বাড়ে, সড়ক দুর্ঘটনাও ঘটে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই উদ্যোগের ফলে নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরি হবে, নিজ দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ফুটওভারব্রিজ-আন্ডারপাস ব্যবহারে এগিয়ে আসবে।
কোন আইনবলে জেল-জরিমানা হবে, জানতে চাইলে ডিএমপির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিসংক্রান্ত বেশ কিছু প্রচলিত আইন রয়েছে। ম্যাজিস্ট্রেট নিজের বিবেচনায় আইনানুগ ব্যবস্থা নেবেন। জেল-জরিমানা যা-ই হোক, তা প্রচলিত আইনের আওতায় হবে।