রাস্তা প্রশস্ত ও ফুটপাত নির্মাণের দাবি
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদের ওপর নবনির্মিত সেতুর পূর্ব পাশের নতুন ব্রিজ-বক চত্বর পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ ও ফুটপাত নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে।
জনগণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় সাংসদ ছলিম উদ্দিনসহ অন্যান্য জনপ্রতিনিধিও বক্তব্য দেন। সকাল ১০টায় শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পাঁচ শতাধিক স্থানীয় মানুষ অংশ নেন।
রাস্তা প্রশস্তকরণ ও ফুটপাত নির্মাণের দাবিতে সকালে নবনির্মিত সেতুর সংযোগ সড়ক তৈরির কাজ বন্ধ করে দেন স্থানীয় জনতা। দুপুরে সাংসদ তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তা প্রশস্তকরণ ও ফুটপাত নির্মাণকাজ শিগগিরই শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আবারও সংযোগ সড়কের নির্মাণকাজ শুরু হয়।
সমাজসেবক অনুকূল চন্দ্র সাহার সভাপতিত্বে বক্তব্য দেন মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান, রাইগা ইউপির চেয়ারম্যান মনজুরুল ইসলাম, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক উবায়দুল হক, শিক্ষক মহিউদ্দিন মণ্ডল, রঞ্জন চক্রবর্তী, আজাদুল ইসলাম, আইনুর ইসলাম, তৌফিকুল ইসলাম, আছসাতুজ্জামান প্রমুখ।