রাস্তা বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেকের বিরুদ্ধে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় স্থানীয় লোকজনকে বিকল্প পথ দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে তারা ভোগান্তির শিকার হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী ইতিমধ্যে মহেশখালী থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছে। এ ছাড়া গত মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ নছিম বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে মহেশখালী উপজেলা নির্বাহী হাকিম আদালতে একটি মামলা করেছেন।মামলার আরজিতে বলা হয়, উপজেলার গোরকঘাট-জনতাবাজার প্রধান সড়কের শাপলাপুর ইউনিয়নের দিনেশপুরের পূর্ব দিকে সংযুক্ত মহেশখালী চ্যানেলের বেড়িবাঁধ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার ওপর দিয়ে জনগণ কয়েক যুগ ধরে যাতায়াত করে আসছে। ২০০৩ সালে সরকারি প্রকল্পের মাধ্যমে এই রাস্তায় ইট বিছানো হয়। কিন্তু কারণ ছাড়াই গত ১৮ মার্চ সকালে চেয়ারম্যান আবদুল খালেকের নির্দেশে তাঁর লোকজন রাস্তার প্রবেশমুখ বেড়া দিয়ে বন্ধ করে দেয়। রাস্তার ইট তুলে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে প্রতিপক্ষের লোকজনের হামলায় স্থানীয় তিনজন লোক আহত হয়। এর পরও রাস্তা খুলে দেওয়া হয়নি।মামলার বাদী মোহামঞ্চদ নছিম বলেন, আবদুল খালেক প্রভাব খাটিয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নিয়ন্ত্রণ করছেন। এ কারণে অভিযোগ করেও কাজ হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আদালতে তিনি মামলা করেছেন। মামলা করার পর থেকে চেয়ারম্যান ও তাঁর লোকজন তাঁকে হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।তবে মুঠোফোনে কথা হলে এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ‘এক বছর আগে আমার প্রতিবেশী আবুল হোসেন ও গোলাম হোসেনের নিজস্ব ভিটার ওপর আমি নিজেই বাড়িতে চলাচল করার জন্য একটি রাস্তা করেছি এবং নিজের টাকা দিয়ে ওই রাস্তায় ইট বিছানো হয়।’ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, অভিযোগটির তদন্ত চলছে।এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাহী হাকিম আদালতে করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই রাস্তা খুলে দেওয়া হবে বলে তিনি জানান।