রাস্তা বন্ধ করে দেওয়ায় শ্রীমঙ্গলে দুটি পরিবার অনেকটা অবরুদ্ধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর বৌলাছড়া গ্রামের দুটি পরিবার অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের চলাচলের একমাত্র রাস্তাটি স্থানীয় একটি লেবু বাগানের মালিক বন্ধ করে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উত্তর বৌলাছড়া গ্রামের রানু মিয়ার বাড়ি থেকে পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটি মানিক মিয়ার বাড়ি পর্যন্ত ঠেকেছে। রাস্তার শেষ প্রান্তে ইউনুছ খাঁর লেবুবাগান। তিনি বাঁশের বেড়া দিয়ে ও লেবুর ডাল ফেলে সড়কটি বন্ধ করে দিয়েছেন। এ কারণে স্থানীয় মানিক মিয়া ও বাচ্চু মিয়ার পরিবার অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। মানিক বলেন, গত ফেব্রুয়ারির প্রথম দিকে ইউনুছ খাঁ রাস্তাটি বন্ধ করে দেন। ১৬ ফেব্রুয়ারি পুলিশ এসে রাস্তাটি খুলে দেয়। কিন্তু পরের দিন সকালে ইউনুছ খাঁ লোকজন নিয়ে আবারও রাস্তাটি বন্ধ করে দেন। মানিকের স্ত্রী সাহেদা বেগম অভিযোগ করেন, এই রাস্তা দিয়ে চলাফেরা করলে পা কেটে ফেলার হুমকি দেন ইউনুছ খাঁ। ফলে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। বাচ্চু মিয়ার স্ত্রী শিরিন বেগম বলেন, ‘রাস্তা না থাকায় বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছি। পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির পেছন দিকে খাল পেরিয়ে যাতায়াত করছেন।’ যোগাযোগ করা হলে ইউনুছ খাঁ বলেন, ‘যে রাস্তার কথা বলছেন, তা আমার জমির ওপর নির্মিত। তাই বন্ধ করে দিয়েছি।’ বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার সভাপতি শফিউল আলম জানান, অভিযোগ পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি মানবাধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আশা করি, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।’ শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ‘রাস্তাটি গত ১৬ ফেব্রুয়ারি পুলিশ খুলে দেয়। এটি আবার বন্ধ করা হয়েছে বলে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’