রাস্তা বন্ধ রেখে শ্রমমন্ত্রীর জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি নিজেদের দলের নেতাকে আড়াল করে রেখে আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। এর ফলে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।মে দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা আলীপুর মোড়ে জেলা শ্রমিক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এ কথা বলেন।বিকেল চারটা থেকে জনসভা শুরু হয়। শ্রমমন্ত্রী মোশাররফ হোসেন সভাস্থলে পৌঁছান পাঁচটার দিকে। কিন্তু দুপুর থেকেই শহরের গুরুত্বপূর্ণ এ মোড়ের উভয় দিকে সড়ক আটকে দেওয়া হয়। যানবাহন ঘুরিয়ে দেওয়া হয় কবি জসীমউদ্দীন সড়ক ও থানা রোডসহ বিভিন্ন অলিগলিতে। এর ফলে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি পোহাতে হয় পথচারী ও যানবাহনের যাত্রীদের।নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরকে উদ্দেশ করে মোশাররফ হোসেন বলেন, ‘প্রথম প্রথম আপনাকে বেশ খুশি খুশি মুখে দেখেছি। এখন প্যাঁচ লাইগা যাওয়ায় প্রধানমন্ত্রীর কাছে ধরনা দিচ্ছেন।’ তিনি ইলিয়াস আলীর স্ত্রীকে প্রধানমন্ত্রীর কাছে ধরনা না দিয়ে যারা ইলিয়াস আলীকে নিয়ে গেছে, তাদের কাছে যাওয়ার আহ্বান জানান।মঞ্চে উপস্থিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ‘কিছু মনে না করার’ অনুরোধ জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, ‘ধমক না দিলে ডিসি ও এসপিও কাজ করে না। তাই কাজ আদায় করতে আমাকে ধমক দিতে হয়। এ ধমকে কোনো অন্যায় নেই।’গত চার মাসে আড়াই লাখ লোক বিদেশে গেছে উল্লেখ করে শ্রমমন্ত্রী বলেন, ভবিষ্যতে কাউকে দালালের খপ্পরে পড়ে বিদেশে যেতে হবে না। বিদেশে যাওয়ার জন্য নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। ৫০ থেকে ৬০ হাজার টাকাতেই বিদেশে যাওয়া সম্ভব হবে। জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. জামিল হাসান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম নূরুন্নবী, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী প্রমুখ।