রাস্তা বানাতে গুপ্ত আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস!
বগুড়া সদরের গোকুলে গুপ্ত আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করে মাটি কাটা হচ্ছে। ওই মাটি দিয়ে স্থানীয় লোকজন রাস্তা নির্মাণ করছে। এলাকার কিছু লোক ওই জমি নিজেদের দাবি করে মাটি কাটছে। কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে স্থানটি ১৯২২ সালে ব্রিটিশ সরকার গেজেটভুক্ত করে। জায়গা যার নামেই হোক, পুরাকীর্তি হলে তা নষ্ট করা যাবে না।গোকুলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ‘গোকুলের মেড়’ হিসেবে পরিচিত। জনশ্রুতি আছে, এটি ছিল বেহুলার বাসরঘর। এই গোকুলের মেড় থেকে ৫০০ মিটার পূর্ব-দক্ষিণে একটি বিরাট ঢিবি রয়েছে, যা ‘নেতাই ধোপানীর পাট’ নামে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গেজেটভুক্ত আছে। ওই ঢিবিই স্থানীয় লোকজন নিজেদের সম্পত্তি দাবি করে ধ্বংস করে চলেছে।মালিক দাবিদার গোকুল উত্তরপাড়ার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এই জমি আমার বাবা ও তাঁর শরিকদের ছিল। ১৯৬২ সালে তাঁরা ভূমি কার্যালয় থেকে রেকর্ড করে নেন। তবে এখানে মাটি কাটার সময় ইটের টুকরো ছাড়া আর কিছু পাওয়া যায়নি।’ সরকারপাড়ার আজমল হোসেনও দাবি করেন, জায়গাটিতে তাঁদের ভাগ আছে। তিনি জানান, এই পাড়ায় আসার কোনো রাস্তা ছিল না। তাই ঢিবি থেকে মাটি কেটে রাস্তা করা হচ্ছে। তিনি দাবি করেন, জায়গাটি সরকার নিতে চাইলে তাঁদের টাকা দিয়ে নিতে পারত।ওই এলাকায় কর্মরত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ঢিবির মাটি কেটে রাস্তা করায় অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নষ্ট হচ্ছে।অধিদপ্তরের কর্মকর্তা মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান নাহিদ সুলতানা বলেন, ‘নেতাই ধোপানীর পাট’ সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ১৯২২ সালে ব্রিটিশ সরকার গেজেটভুক্ত করে। সংরক্ষিত পুরাকীর্তি নষ্ট বা সৌন্দর্যহানি করলে আইন অনুযায়ী তিনি অপরাধী হবেন। জায়গা যাঁর নামেই হোক না কেন, পুরাকীর্তি হলে তিনি তা নষ্ট করতে পারেন না। তিনি বলেন, ওই স্থানে এক হাজার ৬০০ বছর আগের গুপ্ত আমলের স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বেশ কিছু বড় ইট পাওয়া গেছে, যা স্থানীয় লোকজন বিক্রি করে দিয়েছে। নাহিদ সুলতানা আরও জানান, ওই স্থানে আগে পরীক্ষামূলক খনন করে দেখা গেছে, এখানে একটি মন্দির বা স্তূপজাতীয় ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে। অথচ সাধারণ লোকজন এসব নষ্ট করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর থানার ওসিকে চিঠি দেওয়া হয়েছে।ইউএনও সুলতানা পারভীন চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, সেখানে রাস্তার কাজের ব্যাপারে তিনি কিছু জানেন না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।