রাস্তা বেহাল, বাস চলে না পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে গোমনাতি-চিলাহাটি হয়ে পঞ্চগড়ের ভাউলাগঞ্জ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ভাঙাচোরা দশা ও খানাখন্দের কারণে রাস্তাটিতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে প্রায় পাঁচ বছর।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় ২১ বছর যাবৎ সড়কটি সংস্কার না করায় এ হাল হয়েছে। এতে প্রায় পাঁচ বছর ধরে ওই সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে ওই পথে বাইসাইকেল, ভ্যানরিকশা, মোটরসাইকেল ও ইজিবাইকে চলাচল করলেও সেগুলোও হরহামেশাই দুর্ঘটনায় পড়ে।
সম্প্রতি সরেজমিনে ওই সড়কে গিয়ে দেখা যায়, গোটা রাস্তাতেই পিচ ও খোয়া উঠে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। দু-একটি মালবাহী পিকআপ, ট্রাক্টর, ইজিবাইক চলছে। তাতেই গোটা এলাকা ধুলায় ঢেকে গেছে।
এ সময় কথা হয় ভোগডাবুরী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এ টি এম জাফর সিদ্দিকের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের কোনো অভিভাবক নেই। কোনো নেতা নেই। আমাদের দেখার কোনো লোকই নেই। থাকলে এমন অবস্থায় এত দিন থাকতে হতো না।’ তিনি বলেন, প্রায় ২১ বছর হয়ে গেল, সড়কটা সংস্কার হয়নি। গত পাঁচ বছর ধরে এই সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ। সেটা নিয়েও কারও কোনো মাথাব্যথা নেই।
চিলাহাটি বাজারের ব্যবসায়ী লতিফুর রহমান (৫৫) বলেন, ‘আমাদের কথা কেউ শোনে না। যোগাযোগব্যবস্থার এ দশার কারণে বাইরের ব্যবসায়ীরা এখানে আসেন না। তাই এখানকার ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে।’ তিনি আরও বলেন, বাইরের ব্যবসায়ীরা না আসায় এ অঞ্চলের কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
ভোগডাবুরী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের বাসিন্দা তোজাম্মেল হোসেন (৫৫) বলেন, ওই সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের গুরুত্ব স্বীকার করে বলেছে, সড়কটির ১৫ কিলোমিটার অংশ সংস্কারের জন্য দরপত্র ডাকা হয়েছে। বাকি ১৫ কিলোমিটার সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হবে।
এলাকাবাসী জানান, সড়কটি ডোমার উপজেলার বোড়াগাড়ি থেকে গোমনাতি-চিলাহাটি-পঞ্চগড়ের ভাউলাগঞ্জ হয়ে পঞ্চগড় জেলা শহরে সংযুক্ত হয়েছে। একইভাবে গোমনাতি থেকে ডিমলার ডালিয়া হয়ে লালমনিরহাট, হাতীবান্ধা, পাটগ্রাম ও বুড়িমারি স্থলবন্দর এবং গোমনাতি থেকে ডোমারের বোড়াগাড়ি-জলঢাকা হয়ে রংপুর যাওয়া যায়। আগে এ পথে যাত্রীবাহী বাস চলাচল করলেও রাস্তার দুরবস্থার কারণে প্রায় পাঁচ বছর ধরে বাস চলাচল বন্ধ আছে। ওই পথ দিয়ে এখন সাইকেল, মোটরবাইক, অটোরিকশা, ভটভটি ও ভ্যানরিকশার মতো যানেই কেবল চলাচল করতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে।
এ ব্যাপারে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মনিরুজ্জামান সড়কটি সংস্কারের গুরুত্বের কথা স্বীকার করে বলেন, ‘সড়কটি চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়ক নামে পরিচিত। ওই সড়কের ১৫ কিলোমিটার সংস্কারের জন্য পিএমপি (প্রিয়ডি মেইনটেন্যান্স প্রজেক্ট) প্রকল্পের আওতায় ৯ কোটি ৯০ লাখ টাকা প্রাক্কলনে দরপত্র নেওয়া হয়েছে। দরপত্র বাছাই প্রক্রিয়াধীন আছে। আশা করা যাচ্ছে চলতি অর্থবছরেই কাজটি করা যাবে। অবশিষ্ট প্রায় ১৫ কিলোমিটার সংস্কারের জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ পেলে সেটিও করা হবে।’
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার সড়কটির বেহাল দশার কথা স্বীকার করে বলেন, ‘সড়কটির সংস্কার আমার নির্বাচনী প্রতিশ্রুতি। নির্বাচিত হওয়ার পর থেকেই সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। কিছু অগ্রগতিও হয়েছে। কিন্তু কাজ শুরু না হওয়া পর্যন্ত ওই অগ্রগতির কথা বলা যাচ্ছে না।’