রাস্তা ব্যবহারে বাধা, সংঘর্ষে আহত ৪০
হাওরের একটি রাস্তা নিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উমরপুর ও নবীগঞ্জ উপজেলার গুজাখাইর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গতকাল শনিবার কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার সীমানায় মকার হাওরের উত্তর দিকে একটি রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে গতকাল গুজাখাইর গ্রামের কৃষক আবদাল হোসেন গরুর গাড়িতে করে ধান আনছিলেন। এ সময় তাঁকে বাধা দেন উমরপুর গ্রামের কৃষক হামিদ মিয়া। হামিদের দাবি, এই রাস্তাটি তাঁরা নির্মাণ করেছেন। গরুর গাড়ি ব্যবহারে রাস্তা ভেঙে যাচ্ছে। এ ছাড়া এই রাস্তা নির্মাণকালে গুজাখাইরবাসী সহযোগিতা করেননি। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে ওই দুই গ্রামের বাসিন্দারা লাঠিসোঁটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হন।
গুরুতর আহত জামাল, জালাল, জাহেরা, উজ্জ্বল, জয়নুল, আছাদ্দর, নাছির, মাসুক, লিলু, নিজাম, শিবলু, সামাদ, খালেদ, আতাউর, জাহের, সহিদ, শাহজাহান, শরীফ, রকিব, ফারুক ও রিপনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাজমুল হুদা জানান, এই বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তির জন্য দুই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।