রাস্তা বড় করায় গাছ বলি!
দুই পাশে গাছের সারি। ছায়াঘেরা রাস্তা। দুই দশক পর এই গাছগুলো হয়ে পড়ল রাস্তা বড় করার অন্তরায়। সিলেটের শাহজালাল উপশহর আবাসিক এলাকার প্রধান রাস্তার দুই পাশের ছায়াগাছের অধিকাংশ ডালপালা ছাঁটাই করে কেটে ফেলা হয়েছে। কাটা হয়েছে অর্ধশতাধিক গাছ।আবাসিক এলাকার সামাজিক সংগঠনের নামে গাছ কাটা হলেও অভিযোগ রয়েছে, এ কাজে নেতৃত্ব দিয়েছেন সরকারদলীয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ। গতকাল শুক্রবার বন বিভাগের একদল পরিদর্শক উপশহর এলাকায় গিয়ে এ রকম অভিযোগ পেয়েছে। ঘটনা তদন্ত করতে বন বিভাগকে নির্দেশ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র।স্থানীয় বাসিন্দারা জানান, উপশহরে সিলেট সিটি করপোরেশনের প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রধান রাস্তার সংস্কারকাজ শুরু হয়। উত্তর পাশের রাস্তা প্রশস্ত করতে নালাব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। রাস্তা বড় ও নালা করতে দুই পাশের গাছ কাটা প্রয়োজন—এ রকম একটি লিখিত আবেদনপত্র ওয়ার্ড কাউন্সিলের নির্দেশনায় সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়রকে দিয়েই শুরু হয় গাছ কাটা। ‘উপশহর কল্যাণ সংস্থা পরিষদ’ নামের সামাজিক সংগঠনের নামে গত বৃহস্পতিবার দুপুরবেলা অর্ধশতাধিক গাছ কেটে রাস্তার পাশেই ফেলে রাখা হয়।বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত উপশহর এলাকার বাসিন্দা ও ‘বৃক্ষপ্রেমিক’ আফতাব চৌধুরী বলেন, ‘প্রায় ২০ বছর আগে গাছগুলো আমার হাতেই রোপণ করা হয়েছিল। পরিপক্ব ও অপরিপক্ব মিলিয়ে ৭০-৮০টি গাছ কাটা হয়েছে। ডাল কাটার নামে মুণ্ডুপাত করা হয়েছে আরও দুই শতাধিক গাছের।সামাজিক সংগঠনের নামে গাছ কাটা হলেও এতে সরাসরি ওয়ার্ড কাউন্সিলর জড়িত অভিযোগ করে আফতাব চৌধুরী বলেন, ‘সরকার যেখানে প্রতিনিয়ত গাছ রোপণে উৎসাহিত করছে এবং নানা রকম আইন প্রণয়ন করছে, সেখানে এভাবে একজন জনপ্রতিনিধির গাছ কাটা সহ্য করার মতো নয়।’সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সালেহ আহমদ রাস্তা বড় করার স্বার্থে ২০-২৫টি গাছ কাটা হয়েছে বলে জানান। তাঁর দাবি, রাস্তার পাশে ছয় ফুট ফুটপাত করতে অপরিকল্পিতভাবে রোপণ করা গাছ উন্নয়নকাজ দ্রুত করার স্বার্থে কাটা হয়েছে।কোনো ব্যক্তিগত স্বার্থে গাছ কাটা হয়নি জানিয়ে কাউন্সিলর বলেন, ‘যে গাছগুলো কাটা হয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ গাছ রোপণ করা হবে। কাটা গাছ ডালপালাসহ প্রকাশ্যে নিলাম দিয়ে টাকা স্থানীয় মসজিদের তহবিলে জমা দেওয়া হবে।’সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সাংবাদিকদের জানান, উপশহর এলাকার রাস্তার কাজের জন্য কিছু গাছ কাটা পড়তে পারে বলে তাঁর কাছে একটি লিখিত আবেদন দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দু-একটি গাছ কাটতে বলা হয়েছিল। এতগুলো গাছ কাটার নির্দেশ তিনি দেননি।সরেজমিনে পরিদর্শন শেষে বন বিভাগের সিলেট রেঞ্জ কর্মকর্তা এ কে এম জহুরুল হক বলেন, রাস্তা বড় করার স্বার্থে গাছ কাটা হয়েছে বলে জানানো হলেও বাস্তবে দেখা গেছে, দু-একটি বাদে অনেকগুলো গাছ অপ্রয়োজনেই কাটা হয়েছে।