রাস্তা ভেঙে দিঘিতে, দুর্ভোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দুটি কাঁচা রাস্তা বেশ কিছু দিন ধরে পাশের একটি সরকারি দিঘিতে ধসে পড়ছে। এতে ওই ইউনিয়নের চারটি গ্রামের লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চান্দগাঁও গ্রামে প্রায় ১০ বিঘা জমিতে একটি সরকারি দিঘি আছে। এটি চান্দগাঁও দিঘি নামে পরিচিত। মাছ চাষের জন্য উপজেলা প্রশাসন চান্দগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে তিন বছর মেয়াদে দিঘিটি ইজারা দিয়েছে। দিঘির পশ্চিম পাড়ে চান্দগাঁও-পীরেরবাজার ও দক্ষিণ পাড়ে চান্দগাঁও-কেওলাকান্দি কাঁচা রাস্তা। ওই দুটি রাস্তা দিয়ে চান্দগাঁও, মীরগাঁও, কাথাইরপার ও ভূঁইগাঁও (একাংশ) গ্রামের অন্তত তিন হাজার লোক চলাচল করেন। মাস খানেক আগে থেকে দিঘির পশ্চিম ও দক্ষিণ পাড়ের রাস্তায় ভাঙন দেখা দেয়। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়ায় রাস্তার বেশ কিছু অংশ দিঘিতে ধসে পড়েছে।
হাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রাজা মিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে বলেন, ঝুঁকি নিয়ে দুটি রাস্তা দিয়ে যান চলাচল করছে। রাতে চলাচলের সময় ধসে পড়া স্থানে পড়ে গিয়ে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন।
হাজীপুর ইউপির চেয়ারম্যান আবদুল বাছিত বলেন, নির্বাচিত হওয়ার পর গত মঙ্গলবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুটি রাস্তাকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে হলে দিঘির পাড়ে প্রতিরক্ষাদেয়াল নির্মাণ করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন।
চান্দগাঁও মৎস্যজীবী সমিতির সভাপতি রণ মালাকার বলেন, গত মে মাসে ঝোড়ো বাতাসে দিঘির দুই পাড়ের কয়েকটি গাছ উপড়ে যায়। এর পর থেকেই রাস্তায় ধস নামে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহাজন আলী হোসেন গতকাল বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।