রাস্তা মেরামত না করে কবরস্থানে মাটি ভরাট
বগুড়ার ধুনটে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের আওতায় নির্ধারিত রাস্তা মেরামত না করে অন্যত্র কাজ করে সভাপতি প্রকল্পের পাঁচ দিনের ১৮ হাজার টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার চিকাশি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, সরকারিভাবে ২০১৩-২০১৪ অর্থবছরে উপজেলায় একযোগে ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের নির্ধারিত স্থানে ৯০টি প্রকল্পের কাজ শুরু হয়। এর মধ্যে চিকাশি ইউনিয়নে নয়টি প্রকল্প রয়েছে। গত ১৬ নভেম্বর থেকে কাজ শুরু করে ৪০ দিন পর্যন্ত এসব প্রকল্প চলার কথা। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি ২০০ টাকা। এর মধ্যে একটি প্রকল্পে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চিকাশি খাল থেকে সোনারগাঁ আজিবরের পুকুর পর্যন্ত কাঁচা রাস্তায় মাটি ভরাটের কাজ রয়েছে। সেখানে দৈনিক ১৮ জন শ্রমিক কাজ করার কথা। কিন্তু প্রকল্প কমিটির সভাপতি ওয়ার্ড ইউপি সদস্য সুলতান মাহমুদ নির্ধারিত রাস্তা মেরামত না করে সোনারগাঁ গ্রামের কবরস্থানে মাটি ভরাট করান। ৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ কাজ করিয়ে ১৮ হাজার টাকা তুলে নেন তিনি।
অভিযুক্ত ইউপি সদস্য মাহমুদ বলেন, ‘প্রকল্প শুরুর পর ২১ দিন রাস্তার কাজ করিয়েছি। এরপর সোনারগাঁ গ্রামবাসীর চাপে শ্রমিকদের দিয়ে পাঁচ দিন কবরস্থানে মাটি ভরাট করাই। এতে শ্রমিকদের মজুরি হিসাবে ব্যাংক থেকে ১৮ হাজার টাকা তোলা হয়েছে।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েই এ কাজ তিনি করিয়েছেন বলে দাবি করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের নির্ধারিত প্রকল্পের বাইরে অন্য কোথাও কাজ করার বিধান নেই। তবে ওই প্রকল্পের সভাপতি কবরস্থানে মাটি ভরাটের অনুমতি চেয়েছিলেন বলে স্বীকার করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।