যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘সমগ্র বাংলাদেশে রাস্তা মেরামতের কাজ পুরোদমে চলছে। আজকে এখানে যে ওভারলেনের কাজ চলছে, এটা কিন্তু রিপেয়ারিং (মেরামত) নয় রিকন্সট্রাকশন (পুনর্নির্মাণ)। রাস্তা যেভাবে ছিল সে রাস্তাকে তুলে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে এখানে।’যোগাযোগমন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আশা করা যায়, রিকন্সট্রাকশনের কাজ আগামী মাসে পুরোদমে চলবে। আগামী ঈদের আগেই উল্লেখযোগ্য পরিমাণ কাজ শেষ হবে।’রাজধানীতে প্রস্তাবিত মেট্টো রেলের ব্যাপারে যোগাযোগমন্ত্রী বলেন, ‘মেট্রো রেলের কাজ এ সরকারের মেয়াদেই আমরা শেষ করতে পারব। প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে সরকারের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার জাইকাকে লিখিতভাবে জানিয়েছি।’মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মেট্রো রেলের জন্য অনুমান করা হচ্ছিল ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হবে এবং সেটি জাপান থেকে পাওয়া যাবে। পরে রেলপথ পরিবর্তিত হওয়ায় পথের দৈর্ঘ্য বেড়েছে। এখন অনুমান করা হচ্ছে, ব্যয় আরও বেশি হবে। যোগাযোগমন্ত্রী অভিযোগ করেন, ‘রাস্তা নষ্ট হওয়ার মূল কারণ বিএনপি-জামায়াত জোট সরকার ও পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে কাজগুলো হয়েছে, তা দুর্বল ভিত্তির ওপর করা হয়েছে। পরে আমরা যখন রিপেয়ারিং মেইনটেনেন্স শুরু করেছি, তখন যে পরিমাণ অর্থের বরাদ্দের দরকার হয়, সেই পরিমাণ অর্থ সরকারের সামগ্রিক বিবেচনায় পাওয়া যায়নি।’ সরকার বিদ্যুৎ, সড়ক নিরাপত্তা নেটওয়ার্ক ও কৃষির ওপর অগ্রাধিকার দিচ্ছে বলে জানান যোগাযোগমন্ত্রী। তিনি সাংবাদিকদের বলেন, ‘এবার আপনাদের মাধ্যমে যে আলোচনা সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে, তাতে আমি মনে করি, আগামীতে সড়ক ও জনপথ (সওজ) গুরুত্ব পাবে।’এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথের (সওজ) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল আলম প্রমুখ।