রাস্তা মেরামতের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ

লালমনিরহাট শহরের সাপটানা ১ ও ২ আবাসনের একমাত্র ভাঙা রাস্তা মেরামতের দাবিতে গতকাল রোববার দুপুরে খুদে শিক্ষার্থীরা রাস্তার পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে।
তাঁরা স্থানীয় শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় চাঁদনী বাজার আনন্দ স্কুলের শিক্ষার্থী।
তবে ওই শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি পোষণ করে সেখানে দাঁড়িয়ে থাকেন তাদের অভিভাবকসহ স্থানীয় লোকজন।
শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের কারিগরি প্রশিক্ষণ শাখার ষষ্ঠ শ্রেণির ছাত্রী হাফিজা আক্তার, সম্পা রায়, চাঁদনী বাজার আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুন বলে, ‘এক মাস থাকি কাদায় জলে কাপড় ভিজিয়া স্কুলত যাই, ভাঙা রাস্তাটা মেরামত করার কেউ নাই। হামার এলাকার মুরবির ঘর কত জাগাত আবেদন করছে, কাজ হয় নাই, তাই হামরা তোমাক ডাকেয়া কাদাপানিত দাঁড়েয়া প্রতিবাদ করলং। আবাসনত গরিব মানুষ থাকে বলিয়া কি হামার রাস্তা ভালো হবার নয়।’
জানতে চাইলে ইউএনও শফিকুল ইসলাম বলেন, এডিবির বরাদ্দ পাওয়া গেলে রাস্তাটির ভাঙা অংশ মেরামত করে দেওয়া হবে।