কুয়াশায় দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক মেরামতের কাজ করার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তিনজন শ্রমিক। আজ শুক্রবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিনহাজপুর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ বলছে, কুয়াশার মধ্যে ট্রাকটি দ্রুতগতিতে আসায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকাবাসী দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ গণপরিবহন আটকা পড়ে। পরে পুলিশের অনুরোধে সকাল নয়টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

নিহত তিনজন হলেন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের মানিক মিয়া (৪৫), একই জেলার বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের ফজল মিয়া (৩৫) ও নবীগঞ্জ উপজেলার মামদপুর গ্রামের মহরম আলী (৫৫)।

এর আগে সকালে শেরপুর হাইওয়ে থানার উপরিদর্শক (এসআই) মো. সিকান্দর হোসেন চারজন নিহত হওয়ার খবর জানান। পরে তিনি তিনজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আউশকান্দির মিনহাজপুর এলাকায় মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মেরামত কাজ চলছিল। সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হন। দুজন শ্রমিক আহত হন। তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় আশপাশের লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।

শেরপুর হাইওয়ে থানার উপরিদর্শক (এসআই) মো. সিকান্দর হোসেন প্রথম আলোকে জানান, তাঁরা ধারণা করছেন ঘন কুয়াশার কারণে হয়তো চালক সড়কে মেরামতের কাজ দেখতে পাননি। এতে ট্রাকের চাপায় ওই তিনজন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় কুয়াশার মধ্যে সড়ক ও মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার বেঁধে দেয় সরকার। সভা শেষে সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যানবাহনের গতি সর্বোচ্চ ৪০-৫০ কিলোমিটারের মধ্যে রাখতে হবে। চলন্ত গাড়িগুলোকে অবশ্যই ফগলাইট জ্বালিয়ে রাখতে হবে। মন্ত্রী বলেন, প্রয়োজন হলে ঘন কুয়াশার সময় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

আরও জানতে পড়ুন: