রাস্তা যেন ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের ওপর আবর্জনাভর্তি কনটেইনার ঢাকতে মজবুত ইস্পাতের ঘের দেওয়া। ঘেরের বাইরেও ছড়িয়ে আছে আবর্জনা। সামনে বাস দাঁড়িয়ে। আবর্জনা আর যানজটে বিরক্ত এলাকার বাসিন্দা, পথচারী, যানবাহনের আরোহী—সবাই।
গতকাল সোমবার দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, ফকিরাপুল বাজারের সামনের রাস্তায় ইস্পাতের ঘের দেওয়া হলেও সেগুলো সরে গেছে। ভেতরে পাশাপাশি রাখা কয়েকটি কনটেইনারের আবর্জনা উপচে পড়ছে। বাজারের মাছের পরিত্যক্ত পচা অংশ ও পশুর নাড়িভুঁড়ি উৎকট গন্ধ ছড়াচ্ছে। ফকিরাপুলের গরম পানির গলির বাসিন্দা এনজিও কর্মী আবদুল বাসেত বলেন, ‘বছরের পর বছর এখানে, এই রাজপথে আবর্জনা রাখতে দেখছি। সম্ভবত বাকি জীবনও তা-ই দেখা যাবে।’ স্থানীয় লোকজনের মতে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডভুক্ত ফকিরের পুলের আবর্জনার এই ভাগাড় পুরো এলাকার পরিবেশই খারাপ করে দিচ্ছে।
বাসস্ট্যান্ড: রোববার রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তায় দেখা যায় যানজট। এত রাতে যানজট হওয়ার কারণ বলে দিলেন বয়োজ্যেষ্ঠ রিকশাচালক মজনু মিয়া, ‘আমাগো রিকশা এখানে জাম বাদায় না। যেমনে ইচ্ছা খাড়া করাইয়া রাখা বাসগুলানই জাম বাদায়।’ তিনি বলতে চাইলেন ফকিরাপুল মোড়ে দূরপাল্লার বাসের অবৈধ স্ট্যান্ডটির কথা। দেখা যায়, বিভিন্ন পরিবহন কাউন্টারের সামনে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনাগামী অন্তত ৪০টি বাস দাঁড়ানো। কোথাও দুটি সারি। যার ফলে বাস না সরলে অন্য যানবাহন যেতে পারছে না।
স্থানীয় ইস্টার্ন হোটেলের কর্মচারী ও আশপাশের দোকানিরা বলেন, দিনে-রাতে এখানে বড় যানজটের প্রধান কারণই হচ্ছে এসব বাসের দাঁড়িয়ে থাকা। ২০০৪ সালে এই বাসস্ট্যান্ড উঠিয়ে দেওয়া হলেও ছয় মাসের মধ্যে আবার গড়ে ওঠে। সেই থেকে চলছে।
পরিবহনগুলোর পারমিট আছে কি না, তা দেখে সামাজিক আন্দোলনের মাধ্যমে বাসস্ট্যান্ডটি সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার ঘোষণা ছিল এলাকার কাউন্সিলর প্রার্থীদের। কিন্তু তা আর হয়নি। গত বছরের এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের আগে কাউন্সিলর এ কে এম মমিনুল হক (সাঈদ নামে পরিচিত) প্রথম আলোকে বলেছিলেন, নির্বাচিত হলে উচ্ছেদ করবেন এখানে যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত বাসস্ট্যান্ডটি। কিন্তু নির্বাচনে জয়ী হয়ে তা তিনি করেননি।
এলাকাবাসীকে নিয়ে ফকিরের পুল বাজারের সামনের রাজপথে আবর্জনার কনটেইনারগুলো সরিয়ে সঠিক জায়গায় রাখার কথাও বলেছিলেন তিনি। তা হয়নি। তবে কনটেইনার আড়াল করতে ইস্পাতের বিশাল যে দেয়াল বসানো হয়েছে, সেগুলোতে বড় বড় অক্ষরে তাঁর নাম লেখা আছে।
গতকাল কাউন্সিলর কার্যালয়ে গিয়ে এ কে এম মমিনুল হককে পাওয়া যায়নি। কার্যালয়ের নির্বাহী কর্মী বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, এলাকার আবর্জনার কনটেইনার ঢাকার ব্যবস্থা নিয়েছেন স্যার (কাউন্সিলর)। বেশির ভাগ সময় রাস্তায় এখন আবর্জনা দেখা যায় না। তবে মাঝেমধ্যে স্বভাবগতভাবেই মানুষ কনটেইনারের বাইরে ময়লা ফেলে।