রাস্তা সংস্কার নিয়ে ৭ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের বালিখাল এলাকায় গতকাল শুক্রবার একটি রাস্তার মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে সাত গ্রামের অধিবাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অর্ধশত লোক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জেলার পুকড়া ইউনিয়নের মুড়াআব্দা গ্রাম থেকে বালিখাল বাজার পর্যন্ত একটি রাস্তার মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু শ্যামপুর গ্রামের বাসিন্দারা এ কাজে বাধা দেয়। এ নিয়ে তাদের সঙ্গে মুড়াআব্দা গ্রামের বাসিন্দাদের বিরোধ দেখা দেয়। গতকাল সকালে মুড়াআব্দার বাসিন্দারা পুনরায় মাটি ভরাটের কাজ শুরু করলে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এ সময় মুড়াআব্দার পক্ষ নেয় পার্শ্ববর্তী দৌলতপুর, পশ্চিম পুকড়া, পূর্ব পুকড়া ও সিকন্দরপুর গ্রামের লোকজন। শ্যামপুরের পক্ষ নেয় বালিখাল গ্রামের লোকজন। একপর্যায়ে এই সাত গ্রামের মানুষ দুই পক্ষে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা, বল্লম নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষকালে ২০-২৫টি বাড়িও ভাঙচুর করা হয়।সংঘর্ষের খবরে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে পাঁচটি রাবার বুলেটও ছোড়ে পুলিশ।গুরুতর আহত আবুল ফজল (৫০), তাহের উদ্দিন (৪০), আবু শ্যামা (৫৫), সেতু (৩৬), মর্তুজা আলী (৩৫), আহসান মিয়া (৬০), ফারুক মিয়া (৩৫), গফুর (৩০), স্বাধীন মিয়াসহ (৪০) ৩০ জনকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আহত আরও ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে বালিখাল নদের বাঁধের ওপর দিয়ে পুরাতন একটি রাস্তার মাটি ভরাটের কাজ চলছিল। শ্যামপুর গ্রামবাসী এতে বাধা দিলে এ সংঘর্ষের সৃষ্টি হয়। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, রাস্তা নির্মাণ নিয়ে ওই বিরোধের সৃষ্টি হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।