রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর-চৌমুহনী রাস্তার মেরামতকাজে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। আদমদীঘি উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁপাপুর বাজার থেকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার রাস্তা মেরামতের জন্য ৯০ লাখ ৩১ হাজার ৮৯ টাকা বরাদ্দ করা হয়েছে। মেরামতকাজের দায়িত্ব পায় নওগাঁর এশিয়া ক্লিনিক ও শিশু হাসপাতাল এবং সামিয়া এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৮ জানুয়ারি দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, আড়াইল গ্রামের কাছে শ্রমিকেরা পাথরে বিটুমিন মেশানোর কাজ করছেন। কিন্তু সেখানে প্রকৌশল বিভাগের কাউকে পাওয়া যায়নি। শ্রমিকেরা ইচ্ছামতো বিটুমিন মিশিয়ে মেরামতের কাজ করছেন। রাস্তার যে পরিমাণ জায়গা মেরামত করা হয়েছে, তার সঙ্গে দরপত্রের শর্তের কোনো মিল নেই। দরপত্রের শর্ত অনুসারে কার্পেটিংয়ের পুরুত্ব ১২ মিলিমিটার হওয়ার কথা থাকলেও রাস্তার বেশির ভাগ জায়গায় সেই শর্ত মানা হয়নি। আগের খানাখন্দকগুলো নিম্নমানের ইটের খোয়া দিয়ে ভরাট করে রোলার দিয়ে সমান করে তার ওপর চলছে কার্পেটিংয়ের কাজ। রাস্তার পাশের ভাঙাচোরা অংশগুলোতে পরিমাণমতো মাটি ফেলে ভরাট করার নিয়ম থাকলেও জোড়াতালি দিয়ে ভরাটের কাজ করা হচ্ছে। এলাকার কাঞ্চনপুর গ্রামের অমল দত্ত বলেন, যেভাবে মেরামতের কাজ চলছে, তাতে এই রাস্তা ছয় মাস টিকবে কিনা সন্দেহ। তারতা গ্রামের আলিম হোসেন বলেন, ঠিকাদারের লোকজনের সঙ্গে কাজের মান নিয়ে প্রতিবাদ করলে তাঁরা স্থানীয় লোকজনকে নানা ধরনের হুমকি দেন। কুন্দগ্রাম এলাকার মোফাজ্জল হোসেন বলেন, দীর্ঘ দিন পর এই রাস্তার মেরামত শুরু হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, কিন্তু যেভাবে মেরামতের কাজ চলছে, তাতে মানুষ খুবই হতাশ। ভ্যানচালক রমজান আলী জানান, রাস্তা মেরামতের পর ওই রাস্তা দিয়ে ভ্যান চালানোর সময় চাকার সঙ্গে পাথর ও খোয়া উঠে যাচ্ছে।রাস্তার তদারকি কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী আশরাফ আলী বলেন, ‘কাজ নিয়ে অভিযোগ থাকতেই পারে। তবে আমরা শত ভাগ না হলেও ৮০ ভাগ কাজ করে নেওয়ার চেষ্টা করব।’ ঠিকাদারি প্রতিষ্ঠান নওগাঁ এশিয়া ক্লিনিক ও শিশু হাসপাতালের মালিক নুরুল ইসলাম বলেন, ‘রাস্তার মেরামতকাজ শত ভাগ ভালো মানের হচ্ছে। প্রকৌশল বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী কাজ দেখেছেন এবং কাজের প্রশংসা করেছেন।’উপজেলা প্রকৌশলী গোলাম মোরশেদ বলেন, ‘বেশ কিছু কাজে ত্রুটি পাওয়া গেছে। এসব ঠিকাদারকে দিয়ে আবার ঠিক করিয়ে নেওয়া হচ্ছে। তবে প্রকৌশল বিভাগের পাশাপাশি স্থানীয় লোকজন সচেতন হলে ভালো কাজ করে নেওয়া সম্ভব।’