রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া-কুন্দুগ্রাম রাস্তা মেরামতে নিম্নমানের ইটের খোয়া ও কার্পেটিংয়ে কালো পাথরের সঙ্গে নিম্নমানের সাদা পাথর (চকোলেট) ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, তালোড়া রেলঘুমটি থেকে কুন্দুগ্রাম পর্যন্ত সোয়া পাঁচ কিলোমিটার রাস্তার মধ্যে রেলঘুমটি থেকে দেড় কিলোমিটার রাস্তা মেরামতের জন্য ২২ লাখ ৯৬ হাজার টাকার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসডি সিন্ডিকেট। বাকি পৌনে চার কিলোমিটার রাস্তা ৪১ লাখ ৮২ হাজার ৮৯৬ টাকায় মেরামতের কাজ পায় মেসার্স তারেক এন্টারপ্রাইজ।সরেজমিনে ওই এলাকায় দেখা যায়, রাস্তার বিভিন্ন গর্তের পিচ ও খোয়া তুলে তার সঙ্গে নিম্নমানের ইটের (তিন নম্বর) খোয়া মিশিয়ে খানাখন্দ ভরাট করে রোলার দিয়ে তা সমান করা হচ্ছে। যেখানে কার্পেটিং ওঠে গেছে, সেখানকার পিচযুক্ত পাথরের সঙ্গে নতুন পাথর মিশিয়ে সেখানে কার্পেটিং করা হচ্ছে। কার্পেটিংয়ে কালো পাথরের সঙ্গে নিম্নমানের সাদা পাথর (চকোলেট) ব্যবহার করা হচ্ছে। তালোড়া বাজারের ব্যবসায়ী লুৎফর রহমান, শাহীন প্রাং ও মোজাম্মেল হক বলেন, ‘ঠিকাদারের লোকজন আগের পিচযুক্ত খোয়ার সঙ্গে তিন নম্বর ইটের খোয়া দিয়ে রাস্তার গর্ত ভরাট করছে। পিচযুক্ত পাথরের সঙ্গে নতুন পাথর মিশিয়ে কার্পেটিং করছে। আমরা এতে বাধা দিলেও কোনো কথাই তারা শুনছে না। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। তার পরও তারা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছে। এভাবে কাজ করা হলে কিছুদিন পর রাস্তা আগের অবস্থায় ফিরে যাবে।’তালোড়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক আমিরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারের লোকজন শুরু থেকেই নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করছিল। আমরা সেসব খোয়া তুলে ফেলে দিয়েছি। তাদের এক নম্বর ইট রাস্তার পাশে এনে খোয়া করে কাজ করার কথা বলা হয়েছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠান এসডি সিন্ডিকেটের মালিক আবু হাজি মুঠোফোনে বলেন, ‘আপনাদের এখানকার ভাটা থেকেই এক নম্বর ইট নিয়ে কাজ করা হচ্ছে। তা ছাড়া শিডিউল মোতাবেক কাজ করছি। কোনো অনিয়ম করা হয়নি।’মেসার্স তারেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাঈদ হোসেনের কাছে গত মঙ্গলবার এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান। গতকাল বুধবার বেলা দুইটার দিকে ফোন করে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, ‘এত দীর্ঘ রাস্তা অল্প টাকা দিয়ে মেরামত করা সম্ভব নয়। যেসব স্থানে গর্ত আছে, সেখানকার খোয়ার সঙ্গে নতুন ইটের খোয়া মিশিয়ে কাজ করার কথা। শুরুতে তারা দুই নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করছিলেন। সেগুলো তুলে ফেলে এক নম্বর ইটের খোয়া দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। পুরাতন পাথরের সঙ্গে চিপস (কালো পাথর) মিশিয়ে কার্পেটিং করার কথা। তার পরও সুযোগ পেলে ওরা কিছু অনিয়ম করতে পারে।’ তালোড়া রেলঘুমটি থেকে কুন্দুগ্রাম পর্যন্ত সোয়া পাঁচ কিলোমিটার রাস্তার বেহালদশার কারণে আদমদীঘি উপজেলার দক্ষিণ প্রান্তের লোকজনকে ১৫-১৬ কিলোমিটার পথ ঘুরে তালোড়া বন্দর এলাকায় যাতায়াত করতে হতো। এ ব্যাপারে গত ১৬ নভেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।