রাস্তা সংস্কারে নেমেছেন নিজেরাই

তখন রাত ১০টা। রাস্তায় বিভিন্ন বয়সের ৪০-৫০ জন লোক। কারও হাতে ইট, কারও হাতে চার্জার, কারও বা হাতে কোদাল। কেউ রাস্তায় ইট বিছাচ্ছেন। কেউ কোদাল দিয়ে বালু টেনে গর্ত ভরাট করছেন। তাঁদের চার্জার, টর্চ দিয়ে আলো দেখাচ্ছেন অন্যরা।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর-হাসনাবাদ চৌমোহনা রাস্তার দৃশ্য এটি। গতকাল বুধবার রাত ১০টায় এভাবেই সড়কের কাজে ব্যস্ত ছিলেন এলাকাবাসী। কয়েক দিন ধরেই ওই রাস্তার কাঁচা অংশে এভাবে তাঁরা সংস্কারের কাজ করছেন। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ চলে।
সরেজমিনে সংস্কারকাজ দেখতে গেলে হাসনাবাদ গ্রামের বাসিন্দা মো. আজাদ মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘দুটি রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের কাছে একাধিকবার দাবি জানানো হয়েছে। তাতে কোনো লাভ হয়নি। এ অবস্থায় তাঁদের (জনপ্রতিনিধি) ওপর ভরসা না করে ভুক্তভোগীরাই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন।’
ইট বিছানোর কাজে ব্যস্ত হামিদপুরের বাসিন্দা কাতারপ্রবাসী আবদুল্লাহ আল তারেক বলেন, ‘রাস্তা দিয়া নিজেরা চলি। এই কাজের আনন্দই আলাদা।’

এলাকাবাসী জানান, জুড়ী-কুলাউড়া সড়কের মানিকসিংহ বাজার থেকে হামিদপুর ও বাহাদুরপুর গ্রাম হয়ে এবং ভুঁয়াই যাত্রীছাউনি হয়ে হাসনাবাদ চৌমোহনায় যাওয়ার দুটি রাস্তা আছে। হামিদপুর-হাসনাবাদ রাস্তাটি প্রায় দুই কিলোমিটার দীর্ঘ। একই দূরত্বের ভুঁয়াই যাত্রীছাউনি-হাসনাবাদ চৌমোহনা রাস্তার প্রায় এক কিলোমিটার জায়গা পাকা। বাকিটা কাঁচা। বৃষ্টিতে কাঁচা অংশ কর্দমাক্ত হয়ে পড়ে। কাদাজলে ভিজে লোকজনকে চলাচল করতে হয়।
এলাকাবাসীর ভাষ্য, বারবার প্রশাসনকে জানিয়ে কাজ না হওয়ায় নিজেরাই নিজেদের কষ্ট দূর করার উদ্যোগ নিয়েছেন তাঁরা। যে যাঁর সাধ্যমতো চাঁদা দিয়ে তিন গ্রামের লোকেরা ইট ও বালু কেনেন। দুটি রাস্তার কাঁচা অংশে ছক কেটে বালু ফেলে ইট বিছানো হয়। সপ্তাহ খানেক আগে প্রথমে ভুঁয়াই যাত্রীছাউনি-হাসনাবাদ চৌমোহনা রাস্তায় কাজ শুরু হয়। ওই কাজ শেষ হয়ে গেছে। এতে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এখন চলছে হামিদপুর-হাসনাবাদ রাস্তা সংস্কারের কাজ।
কাজে ব্যস্ত গ্রামের বাসিন্দারা জানান, গতকাল বুধবার রাত পর্যন্ত এ রাস্তার প্রায় ৭০০ মিটার জায়গায় ইট বিছানো হয়ে গেছে। দিনে লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তাই সন্ধ্যা থেকে কাজ চলে।
আজ বৃহস্পতিবার সকালে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ওই দুটি রাস্তার (হামিদপুর-হাসনাবাদ ও ভুঁয়াই যাত্রীছাউনি-হাসনাবাদ) বেহাল দশার কথা জানা আছে। দুটি রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের প্রকৌশলী সাইফুল আজমের ভাষ্য, ২০১২-১৩ অর্থবছরে ভুঁয়াই যাত্রীছাউনি-হাসনাবাদ সড়কের ৭৫০ মিটার জায়গা পাকা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে বাকিটা হবে।