রাস্তা সংস্কারের অভাবে পর্যটকশূন্য জাফলং
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ভিড় জমে। তবে সেটা এখন অনেকটাই অতীত। কয়েক বছর ধরে পর্যটকশূন্য হচ্ছে জাফলং। এর জন্য শুধু একটি রাস্তার অভাবকেই দায়ী করলেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাফলংয়ের পার্শ্ববর্তী মামার দোকান এলাকায় ‘আইডিয়াল ক্রাশিং জোন’ নামে পাথর ভাঙার একটি নির্দিষ্ট অঞ্চল গড়ে তোলা হয়। পরে পাশাপাশি আরও দুটি অঞ্চল স্থাপিত হয়। এই তিনটি অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক পাথর ভাঙার ক্রাশার মেশিন রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাথর ভাঙার মেশিন থেকে ডাস্ট জমে সেসব পার্শ্ববর্তী ‘নালা’ খালে গিয়ে পড়ছে। ডাস্ট জমে পুরো খালটি ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে পানি নালা খালে প্রবাহের সুযোগ না পেয়ে অপেক্ষাকৃত নিচু স্থানে অবস্থিত মামার দোকান-জাফলং রাস্তা দিয়ে প্রবাহিত হয়। এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির পানি মূল রাস্তা দিয়ে প্রবাহের পাশাপাশি পাথর ধোয়ার ব্যবহূত পানিও রাস্তায় গিয়ে পড়ছে। এ অবস্থায় রাস্তার মাঝখানে একটি ছোট খালসমেত নালা তৈরি হয়েছে। সেই নালা দিয়ে পানি গড়িয়ে গিয়ে জাফলংয়ের পিয়াইন নদীতে মিশছে।পাথর ব্যবসায়ী আলিম উদ্দিন জানান, সারাক্ষণ পানি জমে থাকায় রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কয়েক বছর আগেও যে পরিমাণ পর্যটক ভিড় করত, এখন রাস্তার কারণে তার অর্ধেকও আসে না বলে তিনি মনে করেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হামিদুল হক ভূঁঞা বলেন, শুধু একটি রাস্তার জন্য পর্যটকেরা দিন দিন জাফলংবিমুখ হচ্ছে। রাস্তার দাবিতে এলাকাবাসী একাধিকবার সভা-সমাবেশসহ নানা ধরনের কর্মসূচি করেছে। তবে কাজের কাজ কিছুই হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখার আহমদ চৌধুরী জানান, সম্প্রতি প্রশাসনের উদ্যোগে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক হয়েছে। ঈদের পরই রাস্তার বেহাল অবস্থা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘পুরো বিষয়টি অবহিত করে রাস্তা সংস্কারের জন্য বারবার চেষ্টা করছি। কিন্তু ব্যর্থ হচ্ছি। স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও যোগাযোগ মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়েছি। কিন্তু কোনো ফল পাইনি।’তবে পাথর ভাঙার ডাস্ট পড়ে খাল ভরাট হয়েছে—এ অভিযোগ অস্বীকার করেছেন আইডিয়াল ক্রাশিং জোনের সাধারণ সম্পাদক শাহপরান মিয়া। তিনি বলেন, ‘খালের পাশে ক্রাশার জোন হওয়ায় সবাই সেখানে পাথর রাখছেন। তাই মাটি লুজ হয়ে খাল ভরাট হয়েছে। এ অবস্থায় পানি নিষ্কাশনের সুযোগ না পেয়ে মূল রাস্তা দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘সারাক্ষণ ওই রাস্তা দিয়ে পানি প্রবাহিত হওয়ায় রাস্তাটি ভেঙে পড়ছে। একটু শুকনো পেলেই তাৎক্ষণিকভাবে সংস্কার করা হয়। আলাদা একটি পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এই রাস্তা দিয়ে পানি প্রবাহিত হতো না। তখন স্থায়ীভাবে সড়কটি আমরা পুনর্নির্মাণ করতে পারতাম।’ তবে ঈদের পরই সড়কটি পুনর্নির্মাণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।