রাস্তা সম্প্রসারণে সীমানা দেয়াল ভাঙা শুরু

পাড়ার মুখে এসেই থেমে যায় গাড়ি। গলির ভেতরে আর গাড়ি ঢোকার সুযোগ নেই। গলির সড়কের অবস্থা এমন। একটি রিকশাও ভালোভাবে চলতে পারে না। পাড়ার মানুষের যোগাযোগের এই দুর্ভোগ অনেক দিনের। কিন্তু এই অবস্থা আর থাকছে না। পৌরসভার মেয়রের আহ্বানে সাড়া দিয়ে রাস্তা বড় করতে বাসাবাড়ির মালিকেরা সীমানা দেয়াল ভাঙতে সম্মতি দিয়েছেন। রাস্তা বড় করতে চলছে দেয়াল ভাঙার কাজ।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কাশীনাথ সড়ক এলাকার দিঘির দক্ষিণপাড়ে গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা বিভিন্ন বাসার রাস্তা-সংলগ্ন দেয়াল ভাঙছেন। বহুতল ভবনসহ ছোট–বড় বিভিন্ন বাড়ির দেয়াল হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা হচ্ছে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, যুবলীগের জেলা কমিটির সভাপতি নাহিদ আহমদ, পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, কাউন্সিলর নাহিদ আহমদ প্রমুখ।
এলাকার একটি বাসার মালিক ছালিক তরফদার তাঁর বাসার সীমানা দেয়াল ভাঙা প্রসঙ্গে বলেন, আসলে দেয়াল ভাঙার কারণে এই এলাকায় মেয়রের ভোট কমার চেয়ে বরং বাড়বে। এত দিন যা হয়নি, এখন তা হচ্ছে।
আরেকটি বাসার মালিক নেওয়া বেগম বলেন, ২০–২৫ বছর আগে রাস্তাটা হওয়ার কথা ছিল। কেন যে এত দিন হতে পারেনি—এখন হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর মেয়র রাস্তা প্রশস্ত করার জন্য আগেই এলাকার সব কটি বাসাবাড়ির মালিকের সঙ্গে বৈঠক করেছেন। এতে সবাই রাস্তা বড় করতে সম্মতি দিয়েছেন। এই গলিপথ বড় করতে ২০ থেকে ২৫টি বাড়ির সীমানা দেয়াল ভাঙা পড়ছে।
পৌর মেয়র মো. ফজলুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, এই রাস্তা বেশি হলে ৬ ফুট আছে। দেয়াল ভেঙে ফেলায় এখন ১২ থেকে ১৩ ফুটের মতো বড় হবে। এখন যেকোনো বাসায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে। রাস্তা সম্প্রসারণ করতে সবাই সহযোগিতা করছেন। রাস্তাগুলো আগে বড় করলে ভাঙচুরের দরকার পড়ত না।