রাস্তা সরু, গাড়ি বেশি যানজট লেগেই থাকে
রাস্তা সরু, গাড়ির সংখ্যা বেশি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ৪০ কিলোমিটার এলাকায় দুর্ঘটনা ও যানজট লেগেই থাকে। শুক্রবার এলেই যানজট তীব্র আকার ধারণ করে। গত তিন মাসের প্রায় সব শুক্রবারেই মহাসড়ক স্থবির ছিল। যাত্রী ও চালকদের কাছে এই মহাসড়ক এখন এক ‘আতঙ্ক’-এর নাম।সড়ক বিভাজন ও চার লেনে মহাসড়ক উন্নীত না হওয়া পর্যন্ত ওই যানজট থাকবে বলে জানা গেছে। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান।মহাসড়ক পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল সাতটার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় একটি কাভার্ডভ্যান মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে পড়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। এই যানজট গত শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত স্থায়ী হয়। ৩৫ ঘণ্টার এই যানজটে নাকাল হয়ে পড়ে কয়েক হাজার যাত্রী। শৈত্যপ্রবাহের মধ্যে ঘরমুখো মানুষকে মহাসড়কেই কাটাতে হয় দেড় দিন।পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এম রেজাউল করিম শনিবার রাতে প্রথম আলোকে জানান, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির সংখ্যা থাকে প্রায় ২৫ হাজার। ব্যস্ততম ওই সড়কে তীব্র শীতের মধ্যে কোনো কোনো গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। কোথাও চাকা ফেটে যায়। আবার কোথাও ছোটখাটো দুর্ঘটনা ঘটে। শুক্র ও শনিবারের যানজট হয় এসব কারণে। এতে মুহূর্তের মধ্যে মহাসড়কের উভয় পাশে গাড়ির জটলা বেড়ে যায়। তার ওপর চালকদের একটি অংশ আইন অমান্য করে আগে যাওয়ার চেষ্টা চালায়। কেউ কেউ যানজটের ভয়ে মহাসড়কের মধ্যখানেই গাড়ির গতিপথ পরিবর্তন করেন। আর কাভার্ডভ্যান ও ট্রাকের চালকেরা শীতের মধ্যে ঘুমিয়ে পড়েন। এতে যানজট চরম রূপ নেয়।পুলিশ সুপার (এসপি) জানান, এসব সমস্যা থেকে মুক্তি পেতে হলে চালকদের সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে মহাসড়কের প্রস্থ বাড়াতে হবে। মহাসড়ক ত্রুটিপূর্ণ থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় অর্ধশতাধিক সরু সেতু ও কালভার্ট রয়েছে। তার ওপর মহাসড়কের মধ্যে রয়েছে শতাধিক বাঁক। মহাসড়ক ৩৬ ফুট প্রস্থ হলেও কোথাও কোথাও তা সংকীর্ণ। দাউদকান্দির ইলিয়টগঞ্জ ও চান্দিনার বেশ কয়েকটি স্থানে মহাসড়কের প্রস্থ কম। এতে ঘন কুয়াশার মধ্যে যানবাহন চালাতে গিয়ে চালকেরা হিমশিম খাচ্ছেন। শুক্র ও শনিবারের যানজটের এমন ভয়াবহ রূপ এসব কারণে হয়েছে বলে একাধিক চালক জানান।নোয়াখালীর বসুরহাট থেকে শুক্রবার বিকেল পাঁচটায় ড্রিমলাইন পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন রোকেয়া বেগম। তিনি জানান, পাঁচ ঘণ্টার এই পথ পাড়ি দিতে তাঁর সময় লেগেছে সাড়ে ১৬ ঘণ্টা।