রাস্তা স্বল্প, ভোগান্তি সীমাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্তে প্রায় হাঁটুপানি। যাত্রী নিয়ে সেখানে আটকে গেল একটি হ্যালোবাইক। কিছু সময়ের ব্যবধানে বিকল হলো ধানবোঝাই একটি ট্রাক্টর। সেটি উদ্ধার করতে না-করতেই বিকল যাত্রীবোঝাই আরেকটি অটোরিকশা। যানটির যাত্রীরা কাদা পানি মাড়িয়ে শুকনো স্থানে গিয়ে উঠলেন। তাঁদের চোখে ছিল বিরক্তি, মুখে ছিল ক্ষোভের ছাপ।
মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কের চিত্র এটি। গত সোমবার সড়কের জয়রা মোড়ে সকাল ১০টা থেকে আধা ঘণ্টা অবস্থান করে এই তিনটি ঘটনা চোখে পড়ে।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ হাট সড়ক পর্যন্ত ছয় কিলোমিটার জুড়েই গর্ত আর খানাখন্দ। কিন্তু বাসস্ট্যান্ড থেকে জয়রা মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। বৃষ্টিতে রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী, পরিবহনশ্রমিক ও পথচারীরা।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের বেহাল অবস্থার কারণে কৃষকেরা তাঁদের পণ্য বাজারে নিতে সমস্যায় পড়েন। বিপাকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অটোরিকশাচালক মফিজুল হক বলেন, গর্ত-খানাখন্দের কারণে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা।
জেলা সদরের উত্তরাঞ্চল ও সাটুরিয়া উপজেলার অধিকাংশ ইউনিয়নের বাসিন্দাদের জেলা শহরে যাতায়াতের সহজতম একমাত্র সড়ক হচ্ছে এটি। এ ছাড়া ঘিওর ও দৌলতপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের লোকজনও এ সড়ক হয়ে জেলা শহরে যাতায়াত করেন। মাত্র ছয় কিলোমিটার সড়কে প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষ বিভিন্ন যানবাহনে চলাচল করছে।
বেহাল অবস্থার কারণে সোমবার দুপুরের পর থেকে বাসস্ট্যান্ড থেকে জয়রা মোড় পর্যন্ত অংশ দিয়ে যানবাহন চলাচল কার্যত বন্ধ রয়েছে। এই অবস্থায় বিকল্প সড়ক ব্যবহার করছে যানবাহনগুলো। এই রাস্তাটি উপজেলা পরিষদের সামনে থেকে জেলা সরকারি হাঁস-মুরগি পালন কেন্দ্র হয়ে জয়রা মোড়ে গিয়ে মিশেছে। কিন্তু পুরোনো এ রাস্তাটিও গর্ত আর খানাখন্দে ভরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৮-৯৯ সালে এ সড়কটি নির্মাণ করা হয়। সর্বশেষ সংস্কার হয় ২০০৯-১০ অর্থবছরে। চলতি বছরের ১০ মে সড়কটি সংস্কারের জন্য আবার দরপত্র আহ্বান করা হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সংস্কারকাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা। কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ অ্যান্ড ব্রাদার্স।
নাম প্রকাশ না করার শর্তে সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, মেসার্স সালেহ অ্যান্ড ব্রাদার্স কাজ পেলেও মেসার্স আলী ব্রাদার্সও যৌথভাবে সড়কটির সংস্কারকাজ করবে। কিন্তু কার্যাদেশ পাওয়ার পরও তারা কাজ শুরু করছে না। ইট ও নির্মাণসামগ্রীর দাম বেশি হওয়ায় ঠিকাদারেরা কালক্ষেপণ করছেন।
তবে মেসার্স আলী ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. হানিফ বলেন, নির্মাণসামগ্রীর দামের কারণে নয়, কার্যাদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক বিভিন্ন কাজ করতে হয়। এ কারণে কাজ শুরু করা যায়নি। তিনি বলেন, ১৫ রোজার মধ্যে সড়কটির মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে জয়রা কলেজ পর্যন্ত মেরামত করা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি অংশের কাজ করা হবে।
জনদুর্ভোগের কথা বিবেচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবদুল বারেক হাওলাদার।