রাস্তা ৩০ ফুট, হাঁটার জায়গা দেড় ফুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটখোলা আনসার ক্যাম্পের কাছে রাস্তা খুঁড়ে ছড়িয়ে রাখা হয়েছে মাটি। বিপদে পথচারীরা l ছবি: প্রথম আলো
হাটখোলা আনসার ক্যাম্পের কাছে রাস্তা খুঁড়ে ছড়িয়ে রাখা হয়েছে মাটি। বিপদে পথচারীরা l ছবি: প্রথম আলো

রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে পূর্ব দিক বরাবর গোপীবাগ মোড়-কামরুন্নেসা স্কুল সড়ক। এই সড়কের আনসার ক্যাম্প এলাকায় চওড়া পাইপের ভেতরে শরীর বাঁকিয়ে শুয়ে নিজেকে বাদশাই ভাবছিল ছয় বছর বয়সী বাদশা। আরেক পাইপে পাঁচ বছরের বোন ফিরোজা। যেন তাদের এক একটি ঘর। বস্তির ঝুপড়ির মতো স্যঁাতসেঁতে ভ্যাপসা গন্ধ নেই। ফুরফুরে স্বাধীনতা। এত বড় পাইপ আগে কখনো দেখেনি তারা। কিছু পাইপ রাস্তায় বসে গেছে, বাকিগুলো আপাতত রাস্তায় এলোমেলো ছড়িয়ে।
গতকাল শনিবার দুপুরে কথা হয় বাদশার সঙ্গে। স্বামীবাগ এলাকায় একটি বস্তির বাসিন্দা সে। তার ইচ্ছা, রাস্তায় এ ধরনের পাইপ মাসের পর মাস পড়ে থাক। তাহলে তারও ‘বাদশার জীবন’ চলতে থাকবে। কিন্তু অভয় দাস লেন, হাটখোলা, টিকাটুলি পেয়াদা পাড়া এবং রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দারা এরই মধ্যে হাঁপিয়ে উঠেছেন। তাঁরা প্রতিদিন ভাবেন, কবে শেষ হবে পাইপ বসানোর কাজ? কারণ, গোপীবাগ মোড়-কামরুন্নেসা স্কুল সড়কটি খুঁড়ে দিনের পর দিন বন্ধ রাখার কারণে এসব এলাকার বাসিন্দাদের যানজটের কবলে পড়তে হচ্ছে।
১২ দিন হলো বেহাল মতিঝিল শাপলা চত্বর থেকে পূর্ব দিক বরাবর গোপীবাগ মোড়-কামরুন্নেসা স্কুল সড়কটি। প্রায় ৪০০ মিটার দৈর্ঘ্যের ৩০ ফুট চওড়া রাস্তা, অথচ হাঁটার জন্য জায়গা আছে বড় জোর দেড় ফুট। যানবাহন চলাচল দূরের কথা, রাস্তায় ঢোকার পথও বন্ধ। ওই এলাকায় প্রায় ৫০ হাজার বাসিন্দা একরকম বন্দী জীবন কাটাচ্ছেন। আর আশপাশের উল্লেখিত এলাকাগুলোর বাসিন্দারা যানজটের কারণে অসহনীয় হয়ে উঠেছেন।
এ এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অন্তর্ভুক্ত। সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, বর্ষাকালের জলাবদ্ধতা দূর করতে এই রাস্তাটিতে প্রায় সাড়ে তিন ফুট ব্যাসের ড্রেনেজ লাইন (নর্দমা) বসানোর কাজ চলছে।
গতকাল দুপুরে এলাকায় গিয়ে বোঝা গেল, অব্যবস্থাপনার কারণে কতটা দুঃসহ হতে পারে একটি লোকালয়ের নাগরিকজীবন। কামরুন্নেসা স্কুলের দিকটায় রাস্তার মুখে মাটির পাহাড়। রাস্তায় বিশাল গর্ত খুঁড়ে কিছু পাইপ বসানোর কাজ শেষ হলেও মাটিগুলো সরানো হয়নি। ছড়িয়ে আছে রাস্তার ইট-সুরকি।
৭ নম্বর রামকৃষ্ণ মিশন রোডের বাসিন্দা আবদুল হক বলেন, তিনি প্রায় ৩০ বছর এই এলাকায় বসবাস করছেন। কিন্তু চলাচলে এমন বিড়ম্বনা আগে আর সহ্য করতে হয়নি। একটি রাস্তার জলাবদ্ধতা দূর করতে অতিরিক্ত এ যন্ত্রণা তাঁরা নিতে পারছেন না।
চলতি মাসের শুরুতে পাইপ জড়ো করে রেখে রাস্তার মুখ বন্ধ রাখা হয়। পরে পশ্চিম দিক বরাবর রাস্তায় চলাচল বন্ধ করে দেওয়া হয় মোটা পাইপ এলোমেলো ছড়িয়ে রেখে। রাস্তার দুই পাশের গলিগুলোর মুখও বন্ধ করে রাখা হয়েছে পাইপ বসিয়ে রেখে।
মতিঝিলের দিকে রাস্তার মুখে বিশাল গর্ত করে দুই পাশে মাটির স্তূপ করে রাখা হয়েছে, শুধু যানবাহন চলাচল বন্ধ করতে। যদিও রাস্তার এ অংশে কাজ শুরু হবে আরও প্রায় এক মাস পর।
রামকৃষ্ণ মিশন রোডের ৮ নম্বর বাড়ির বাসিন্দা অমিতাভ বর্মণ জানান, রাস্তা বন্ধ করে দেওয়ার পর এলাকায় ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় আরও বেড়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে কাজ সেরে ফেরার পথে তাঁর মুঠোফোন, মানিব্যাগ ছিনতাই হয়।
এলাকায় আবর্জনা রাখার একমাত্র কনটেইনারটিতে আবর্জনা ফেলার জায়গা নেই। কারণ, এলাকায় সিটি করপোরেশনের কোনো ট্রাক ঢুকতে পারছে না। দুর্গন্ধ ছড়িয়ে আছে পুরো এলাকায়।
ডিএসসিসির প্রকৌশল বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, অর্ধকোটি টাকার বেশি ব্যয়ে রাস্তাটির কাজ শেষ হতে আরও প্রায় দেড় মাস সময় লাগবে। রাস্তার দুই প্রান্ত বন্ধ করে রাখার কারণ সম্পর্কে একজন প্রকৌশলী জানান, একদিক থেকে যানবাহন ঢুকে বেরোতে পারবে না বলে পুরো রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। যদিও মতিঝিলের দিক থেকে গাড়ি ঢুকে ভেতরের গলি দিয়ে সহজেই বেরোতে পারে।
এলাকাটি ডিএসসিসির ৫ নম্বর অঞ্চলের অধীন। নির্বাহী প্রকৌশলী মো. হাশেম প্রথম আলোকে বলেন, বৃহৎ স্বার্থে এলাকাবাসীকে আপাতত ছোট ভোগান্তি সহ্য করতে হবে। কারণ, এলাকাবাসীই বর্ষাকালের জলাবদ্ধতা দূর করতে পানিনিষ্কাশন ব্যবস্থার অনুরোধ করেছিল। কাজের অব্যবস্থাপনা দূর করতে করণীয় কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।