রাস্তাগুলো কি মেরামত হবে আদৌ?
রাজশাহী নগরের বিভিন্ন পাড়া-মহল্লার ৬৪১টি রাস্তা ও তার পাশের নালা সংস্কার এবং দুটি বাজার উন্নয়নের জন্য বিএমডিএফের সঙ্গে চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ‘ম্যাচিং ফান্ড ও সার্ভিস চার্জ’ও দেওয়া হয়েছে। বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ৭০ কোটি টাকা পাওয়ার কথা। প্রকল্প বাস্তবায়নে দরপত্রও আহ্বান করা হয়েছে। কিন্তু এখন বিশ্বব্যাংক বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রকল্প স্থগিত থাকবে।
বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছে প্রকল্পের কাজ। অথচ রাস্তাগুলো দ্রুত মেরামত করা দরকার। নইলে এই বর্ষায় মানুষের চরম ভোগান্তি হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের বিভিন্ন পাড়া ও মহল্লার ৬৪১টি ছোট রাস্তা বেহাল পড়ে রয়েছে। এগুলোর পাশের নালার অবস্থাও খারাপ। এসব রাস্তা ও নালা সংস্কারের জন্য ২০১৪ সালের ৩০ জুন বাংলাদেশ মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের একটি চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী, বিএমডিএফের মাধ্যমে বিশ্বব্যাংকের ঋণ নিয়ে সিটি করপোরেশন প্রকল্পের কাজ করে দেবে। এ জন্য প্রথম দফায় ৩০ কোটি ও দ্বিতীয় দফায় ৪০ কোটি টাকার ঋণ পাওয়ার কথা।
চুক্তির শর্ত অনুযায়ী, বিশ্বব্যাংকের ঋণ নিয়ে কাজ করতে হলে ম্যাচিং ফান্ড হিসেবে অনুমোদিত ঋণের ১০ শতাংশ ঋণগ্রহীতা প্রতিষ্ঠান আগেই বিশ্বব্যাংককে পরিশোধ করে। সেই হিসেবে চুক্তির সময়ই রাজশাহী সিটি করপোরেশনকে ৭০ কোটি টাকার ১০ শতাংশ হিসাবে ৭ কোটি টাকা ও সার্ভিস চার্জ হিসাবে ৮৬ লাখ ৯৪ হাজার টাকা পরিশোধ করতে হয়। নিয়ম অনুযায়ী, ঋণের মাত্র ১৫ শতাংশ কাজ শেষে সিটি করপোরেশন বিশ্বব্যাংককে পরিশোধ করবে, বাকি টাকা অনুদান বলে গণ্য হবে।
বিএমডিএফের সঙ্গে চুক্তি অনুযায়ী, ৭০ কোটি টাকার কাজ ১৬টি প্যাকেজে ভাগ করা হয়। এর মধ্যে গত বছরের ৩ ডিসেম্বর ছয় কোটি টাকার কাজের একটি দরপত্র আহ্বান করা হয়। কিন্তু বিশ্বব্যাংক এখন আর ওই প্রকল্পের ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত দিচ্ছে না। এমনকি অন্য প্যাকেজগুলোর দরপত্র করার অনুমতিও দিচ্ছে না।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, অতীতে তাঁরা বিশ্বব্যাংকের টাকায় কাজ করেছেন। যথাযথভাবে সেই টাকা পরিশোধও করেছেন। আবার ৭০ কোটি টাকা ঋণ নিয়ে ৬৪১টি রাস্তা ও নালা এবং দুটি বাজার উন্নয়নের কথা ছিল। কিন্তু বিশ্বব্যাংক এখন বোধ হয় ঢাকায় কাজ করতে আগ্রহী।
যোগাযোগ করলে বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাসিনুর রহমান বলেন, বিশ্বব্যাংক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কাজ স্থগিত ঘোষণা করেছে। তাহলে রাজশাহী সিটি করপোরেশনের ম্যাচিং ফান্ড ও সার্ভিস চার্জের টাকার কী হবে,Ñএমন প্রশ্নে তিনি বলেন, পরে কখনো স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে তখন কাজ হবে। তবে কবে নাগাদ তা হতে পারে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।