রাস্তাগুলোর বেহাল দশা
গত কয়েক দিনের টানা বর্ষণে কেরানীগঞ্জের অধিকাংশ সড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, বাড়ছে আহত হওয়ার সংখ্যা। বিকল হচ্ছে গাড়ি, সৃষ্টি হচ্ছে যানজটের। সামান্য বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। কর্তৃপক্ষের কাছে বারবার প্রতিকার চেয়েও কোনো লাভ হয়নি না বলে এলাকাবাসীর অভিযোগ।সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে উপজেলার আগানগর সিনেমা হল রোড, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুসংলগ্ন ইমামবাড়ী রোড, বন্দ ডাকপাড়া সড়ক, কালীগঞ্জ বাজার, চুনকুটিয়া খালপাড়, জিনজিরা বাস রোড, ব্রাহ্মণকীত্তা রোডসহ বিভিন্ন সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কের কার্পেটিং উঠে গেছে, সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব গর্তে উল্টে যাচ্ছে গাড়ি। তা ছাড়া ভাঙা রাস্তা দিয়ে ধীরগতিতে গাড়ি চালাতে গিয়ে সৃষ্টি হচ্ছে যানজটের। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যাচ্ছে।মান্দাইল এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, এমনিতেই সড়কগুলোর বেহাল দশা, তার ওপর আবার বৃষ্টি। জলাবদ্ধতার কারণে ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না। তিনি অভিযোগ করেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের লোকজনকে একাধিকবার জানানো হলে তাঁরা মাঝেমধ্যে কিছু ইট, খোয়া ফেলে সমস্যার সাময়িক সমাধান করেন। কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা নেন না। ফলে কিছুদিন পর আবারও সেই আগের অবস্থা ফিরে আসে।সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপসহকারী প্রকৌশলী মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, আগামী দুই মাসের মধ্যে সড়কগুলোর পাশে ড্রেনেজ লাইন তৈরি করা হবে। এতে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না। তা ছাড়া যেসব সড়কে গর্তের সৃষ্টি হয়েছে সেগুলোও মেরামত করা হবে।